Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৩৩ পিএম

প্রত্যর্পণ চুক্তিতেই হাসিনাকে ফেরানোর চেষ্টা:প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৩৩ পিএম

প্রত্যর্পণ চুক্তিতেই হাসিনাকে ফেরানোর চেষ্টা:প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তবে এ বিষয়ে নতুন কোনো অগ্রগতির তথ্য তাঁর কাছে নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে একাধিকবার চিঠি
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। এ নিয়ে আইনি বিষয়গুলোর খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাঁকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে সাজা ভোগ করানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

ভারতের পক্ষ থেকে কোনো শর্তের প্রস্তাব আসেনি
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে বলে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে যে তথ্য প্রকাশিত হয়েছে, সে বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই প্রতিবেদনের কোনো ভিত্তি বাংলাদেশের আইনে নেই। ভারতের সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকেও এ ধরনের প্রস্তাব আসেনি।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব এলে বাংলাদেশ তা গ্রহণ করে জবাব দেবে। তবে ভারতীয় সংবাদমাধ্যমে কে কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখার সময় সরকারের নেই। ভারত কোনো পর্যায়ে এ ধরনের দুটি শর্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি।’

সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে বাধ্য নয় সরকার
শেখ হাসিনার পাসপোর্টসংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলেই যে তিনি বাংলাদেশের পাসপোর্ট পাবেন, বিষয়টি এমন নয়। কেউ সাজাপ্রাপ্ত আসামি হলে কিংবা তাঁর বিরুদ্ধে মামলা থাকলে তাঁকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয়। এ বিষয়টিও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে বলে জানান তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার চেয়ে বড়
শেখ হাসিনার ভারতে অবস্থান ও তাঁর বিভিন্ন বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্ক প্রভাবিত হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বড় বিষয়।

তিনি বলেন, বিষয়টিকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের সামনে বর্তমানে আলোচনার অনেক বিষয় রয়েছে এবং সরকার বিভিন্ন কাজ করছে। ভারত-বাংলাদেশের সম্পর্ক মুক্তিযুদ্ধেরও আগে থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক শুধু একটি বিষয়কে কেন্দ্র করে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো কূটনীতির মাধ্যমে সমাধান করা হবে।

তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, অতীতে আওয়ামী লীগের পেট্রোল বোমা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির ইতিহাস রয়েছে। বর্তমানে সংঘটিত বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সঙ্গেও আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন একটি দেশে অবস্থান করে কেউ যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে সরকার হিসেবে বিষয়টি মোকাবিলা করা প্রয়োজন।

কনস্যুলার সংলাপ বাতিল নয়, পিছিয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ বাতিল হয়েছে বলে প্রকাশিত সংবাদকে ভুল তথ্য বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, বৈঠকটি বাতিল হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে। এটি সচিব পর্যায়ের বৈঠক। দুই পক্ষই মনে করছে, কিছুদিন পর সুবিধাজনক সময়ে বৈঠকটি আয়োজন করা ভালো হবে। পরবর্তী সময়ে এটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে কি না, জানতে চাইলে এ বিষয়ে আর কথা বলতে রাজি হননি তিনি।

বাংলাদেশে আসতে পারেন একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি
বাংলাদেশে সম্ভাব্য ভিআইপি সফরের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সামনে দেশে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর রয়েছে। উপযুক্ত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের বৈঠকে ভারত সফর কিংবা গঙ্গার পানিবণ্টন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকে কী কী বিষয় আলোচনা হয়েছে, সেটি এখানে বিবেচ্য নয়।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!