Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৪০ পিএম

রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্তুগালের হার প্রাপ্য: রোনালদোর মা

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৪০ পিএম

রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্তুগালের হার প্রাপ্য: রোনালদোর মা

মায়ের কাছে সন্তানের বয়স কখনোই বাড়ে না। ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোও তাঁর মা মারিয়া দোলোরেসের কাছে সেই ছোট্ট ছেলেটিই। তাই ছেলের প্রতি কোনো অবিচার হলে তা মেনে নিতে পারেন না তিনি। পর্তুগালের জার্সিতে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে হয়েছে, তাতে মায়ের কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। ছেলের প্রতি অবিচারের অভিযোগ তুলে এবার পর্তুগাল দলের হারকেও প্রাপ্য বলে মন্তব্য করেছেন দোলোরেস। তাঁর এমন বক্তব্যের জবাবে বিতর্কে না জড়িয়ে বরং মায়ের আবেগকে সম্মান জানিয়েছেন পর্তুগাল কোচ জর্জ জেসুস।

পর্তুগাল জাতীয় দল থেকে রোনালদোর বিদায়ের পর ক্ষোভ চেপে রাখতে পারেননি তাঁর মা। সম্প্রতি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারেও একধরনের স্বস্তি খুঁজে পেয়েছেন তিনি। দোলোরেসের মতে, ছেলের সঙ্গে যা করা হয়েছে, তাতে এই হার পর্তুগালের প্রাপ্য ছিল। সোমবার স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমিও কষ্ট পেয়েছি। এই হার পুরোপুরি প্রাপ্য ছিল। সত্যি বলতে, আমি খুব খুশি হয়েছি।’

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে হয়েছে, তা তাঁকে ভীষণ কষ্ট দিয়েছে বলেও জানিয়েছেন দোলোরেস। তাঁর অভিযোগ, জাতীয় দলের হয়ে দীর্ঘদিন অবদান রাখার পরও ছেলেকে যথাযথ সম্মান দেখানো হয়নি। এমনকি সতীর্থদের কাছ থেকেও প্রত্যাশিত সম্মান পাননি রোনালদো বলে মনে করেন তিনি।

মায়ের বক্তব্যে বিতর্ক চান না জেসুস
দোলোরেসের মন্তব্যের জবাবে পাল্টা কোনো আক্রমণ করেননি পর্তুগাল কোচ জর্জ জেসুস। বরং রোনালদোর মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্যকে স্বাভাবিক বলে উল্লেখ করেছেন। জেসুস বলেন, ‘এখন কি আমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মায়ের জবাব দিতে হবে? ক্রিস্টিয়ানো রোনালদোর মা এমন একজন নারী, যাঁকে আমি অনেক শ্রদ্ধা করি। তিনি কী বলতে পারেন? মা তো মা-ই। এ নিয়ে আর কিছু বলার নেই। তাঁর বক্তব্য আমি বুঝতে পারছি।’

একজন মা হিসেবে সন্তানের পক্ষে দাঁড়ানো দোলোরেসের স্বাভাবিক অধিকার বলেও মনে করেন জেসুস। তাঁর ভাষায়, ‘এটা কি বাড়াবাড়ি? সত্যি বলতে, মা তো মা-ই। তাঁকে আমার সম্মান করতেই হবে। একজন মা সব সময় তাঁর সন্তানদের পক্ষ নেন, এমনকি মৃত্যুর আগপর্যন্ত। তিনি একজন অত্যন্ত স্নেহশীল মা। সন্তানদের বড় করতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে।’

রোনালদোকে ভুলতে রাজি নন পর্তুগাল কোচ
দোলোরেসের সঙ্গে মতপার্থক্য থাকলেও পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদান অস্বীকার করছেন না জেসুস। তাঁর মতে, রোনালদো দেশটির ফুটবলের একজন কিংবদন্তি। জাতীয় দল কখনোই তাঁর অবদান ভুলবে না। পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর অর্জন দেশটির ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে।

বিতর্কের সূত্রপাত গত সেপ্টেম্বরে। পর্তুগালের নেশনস লিগের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে রোনালদো অভিযোগ করেছিলেন, নতুন কোচ জেসুস তাঁর সঙ্গে কথা দিয়ে কথা রাখেননি। ওই ঘটনার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে নিষিদ্ধ ও জরিমানা করে। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায় এবং তাঁকে ঘিরে পর্তুগাল দলের অবস্থান নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের পর ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে অনুপস্থিত এই তারকাকে শ্রদ্ধা জানায় দলটি। তবে তাতেও সন্তুষ্ট হতে পারেননি তাঁর মা। দোলোরেসের মতে, ছেলেকে সম্মান জানাতে হলে সেটি তাঁর উপস্থিতিতেই করা উচিত ছিল। তিনি বলেন, ‘আমাদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান এখানে স্পোর্টিং সিপিতেই হবে। এখানে তারা তাঁকে মূল্যায়ন করে। জাতীয় দলে তাঁকে সম্মান করা হয়নি, এমনকি তাঁর সতীর্থরাও তাঁকে সম্মান করেনি।’

সংগ্রামী জীবন থেকে ছেলের সাফল্যে গর্ব
রোনালদোর মা মারিয়া দোলোরেসের জীবনসংগ্রামের গল্পও বেশ কঠিন। পর্তুগালের ফুনচালের একটি সাধারণ পরিবারে চার সন্তানকে বড় করতে দীর্ঘদিন রান্না ও ঘর পরিষ্কারের কাজ করেছেন তিনি। সেই সংগ্রামের মধ্য দিয়েই সন্তানদের বড় করেছেন দোলোরেস। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৫০ লাখের বেশি। সেখানে নিয়মিত ছেলেকে নিয়ে লেখেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর সাফল্য নিয়ে তাঁর গর্বেরও কমতি নেই।

এদিকে গত জুলাইয়ে পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর ডেনমার্কের বিপক্ষেই প্রথম হারের মুখ দেখেছেন জেসুস। সৌদি প্রো লিগে গত মৌসুমে রোনালদোর ক্লাব আল নাসরকে শিরোপা জিতিয়েছিলেন এই কোচ। এবার জাতীয় দলের দায়িত্বে এসে রোনালদোকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই পড়েছেন তিনি।

নেশনস লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করতে ওয়েলসের বিপক্ষে ড্র করলেই চলবে পর্তুগালের। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচটি। গ্রুপের তলানিতে থাকা ওয়েলসের বিপক্ষে ফল যা-ই হোক, কোয়ার্টার ফাইনালে উঠছে পর্তুগাল। আগামী মার্চে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে কোন দল কার মুখোমুখি হবে, তা নির্ধারিত হবে শুক্রবারের ড্রয়ে।

কালের আলো/এসএ/টিসি

Link copied!