জীবনের চল্লিশটি বছর পেরিয়ে আসার পর অনেকের কাছেই নিজের শরীর ও মনকে আগের মতো মনে হয় না। যে মানুষটি একসময় কর্মচঞ্চল ছিলেন, সামান্যতেই ক্লান্ত হতেন না, তিনিই হয়তো এখন অল্প পরিশ্রমে অবসাদ অনুভব করছেন। কারও ওজন বেড়ে যাচ্ছে, কারও পেটে জমছে মেদ। আবার কেউ কেউ আগের তুলনায় বেশি খিটখিটে হয়ে পড়ছেন। ঘুমের সমস্যা, মনোযোগের ঘাটতি কিংবা অকারণে মন খারাপ থাকার মতো ঘটনাও দেখা দিতে পারে।
শুধু শারীরিক পরিবর্তন নয়, মানসিক অবস্থার পরিবর্তনও অনেককে ভাবিয়ে তোলে। আয়নায় নিজের চেহারা দেখে কিংবা দৈনন্দিন কাজের সক্ষমতা কমে যাওয়ায় কারও কারও মনে প্রশ্ন জাগে—আগের সেই মানুষটি কি আর নেই? তবে বিশেষজ্ঞদের মতে, চল্লিশের পর শরীর ও মনে এমন পরিবর্তন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। বয়স, হরমোন, জীবনযাপন, পুষ্টি ও মানসিক চাপ—সবকিছু মিলেই এই পরিবর্তনের পেছনে ভূমিকা রাখে।
চল্লিশের পর শরীরে কেন পরিবর্তন আসে?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিপাকপ্রক্রিয়া, পেশির গঠন ও হরমোনের কার্যক্রমে পরিবর্তন আসতে থাকে। বিশেষ করে শারীরিক পরিশ্রম কমে গেলে এবং খাদ্যাভ্যাসে ভারসাম্য না থাকলে শরীরে মেদ জমার প্রবণতা বাড়ে। অনেকের ক্ষেত্রে ওজন খুব বেশি না বাড়লেও পেট ও কোমরের চারপাশে চর্বি জমতে থাকে।
একই সময়ে পেশির ভর ও শক্তি ধীরে ধীরে কমতে পারে। ফলে শরীরের গড়নে পরিবর্তন আসে। একদিকে পেশি কমে, অন্যদিকে মেদ বাড়ে—এই দুইয়ের সম্মিলিত প্রভাবে আগের পরিচিত শারীরিক গঠন আর থাকে না। হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে। এর সঙ্গে যোগ হয় কর্মব্যস্ততা, অনিয়মিত ঘুম ও শরীরচর্চার অভাব।
হরমোনের পরিবর্তনে বদলায় মনমেজাজও
চল্লিশের পর শারীরিক পরিবর্তনের পাশাপাশি হরমোনের ওঠানামা মনের ওপরও প্রভাব ফেলতে পারে। কারও ঘুমের সমস্যা দেখা দেয়, আবার কেউ পর্যাপ্ত ঘুমানোর পরও ক্লান্তি অনুভব করেন। মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আগের মতো উদ্দীপনা বা কর্মক্ষমতা না থাকায় দৈনন্দিন কাজেও অনীহা তৈরি হতে পারে।
নারীদের ক্ষেত্রে এ সময় হরমোনজনিত পরিবর্তন তুলনামূলকভাবে বেশি স্পষ্ট হতে পারে। বিশেষ করে মেনোপজের আগের পর্যায় পেরিমেনোপজে মাসিক অনিয়মিত হওয়া, হঠাৎ শরীরে গরম অনুভব করা, অতিরিক্ত ঘাম হওয়া এবং ঘুমের ব্যাঘাতের মতো উপসর্গ দেখা দিতে পারে।
পুরুষদের ক্ষেত্রেও বয়সের সঙ্গে টেস্টোস্টেরন হরমোনের মাত্রায় পরিবর্তন আসে। তবে সাধারণত এ পরিবর্তন নারীদের মেনোপজের মতো হঠাৎ ঘটে না; বরং ধীরে ধীরে হতে থাকে।
মুখের চেহারায়ও আসে পরিবর্তন
বয়সের ছাপ সবচেয়ে আগে অনেক সময় চোখে পড়ে মুখে। বয়স বাড়ার সঙ্গে ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ কমতে থাকে। মুখের হাড়ের গঠন এবং ত্বকের নিচে থাকা স্বাভাবিক চর্বিতেও পরিবর্তন আসে। ফলে ত্বকের দৃঢ়তা কমে যেতে পারে, বলিরেখা স্পষ্ট হয় এবং মুখের গড়নেও কিছুটা পরিবর্তন দেখা দেয়।
এসব পরিবর্তন স্বাভাবিক বার্ধক্যপ্রক্রিয়ার অংশ। তবে ত্বকের যত্ন, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন ত্বকের সুস্থতা ধরে রাখতে সহায়তা করতে পারে।
মানসিক চাপও বাড়িয়ে দিতে পারে সমস্যা
চল্লিশের কাছাকাছি বয়সে অনেকের জীবনেই দায়িত্বের চাপ বেড়ে যায়। পরিবারে সন্তানদের দেখাশোনা, বয়োজ্যেষ্ঠদের যত্ন, সংসারের নানা দায়িত্ব এবং কর্মক্ষেত্রের চাপ—সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে।
অনেক সময় পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের সামনে নিজের শারীরিক ও মানসিক অসুবিধার কথা প্রকাশ করতেও সংকোচ বোধ করেন কেউ কেউ। ফলে সমস্যাগুলো চেপে রেখে চলতে হয়। দীর্ঘদিনের মানসিক চাপ ঘুম, মেজাজ ও শারীরিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে সব ধরনের ক্লান্তি, মন খারাপ বা ঘুমের সমস্যাকে বয়সের স্বাভাবিক পরিবর্তন ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। এসব উপসর্গের পেছনে অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যাও থাকতে পারে।
আগের মতো সুস্থ থাকতে যা করবেন
বয়স বাড়লেই যে কর্মক্ষমতা ও প্রাণশক্তি হারিয়ে ফেলতে হবে, তা নয়। নিয়মিত কিছু অভ্যাস গড়ে তুললে শরীর ও মন দুটিই ভালো রাখা সম্ভব।
নিয়মিত শরীরচর্চা করুন: হাঁটা, স্ট্রেংথ ট্রেনিং এবং শরীরের ভারসাম্য বজায় রাখার ব্যায়াম করুন। এতে পেশির শক্তি ধরে রাখা এবং শারীরিক সক্ষমতা বাড়াতে সহায়তা পাওয়া যায়।
খাদ্যাভ্যাসে নজর দিন: প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, পর্যাপ্ত প্রোটিন ও পুষ্টিকর খাবার রাখুন। ডিম, দুধসহ পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন।
মানসিক স্বাস্থ্যের যত্ন নিন: ধ্যান করতে পারেন, প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন কিংবা নিজের পছন্দের সৃজনশীল কাজে যুক্ত হতে পারেন। বই পড়া ও নতুন কিছু শেখার অভ্যাসও মস্তিষ্ককে সক্রিয় রাখতে সহায়ক।
সম্পর্কের যত্ন নিন:পরিবার, বন্ধু ও জীবনসঙ্গীকে সময় দিন। নিজের অনুভূতি ও সমস্যাগুলো কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিন। পারস্পরিক বোঝাপড়া ও খোলামেলা আলোচনা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।
ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চলুন: ধূমপান, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকুন। অ্যালকোহল গ্রহণ থেকেও বিরত থাকুন।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
দীর্ঘদিন ধরে অস্বাভাবিক ক্লান্তি, অবসন্নতা, মন খারাপ, কোনো কাজে আগ্রহ না পাওয়া, অতিরিক্ত উদ্বেগ কিংবা মনোযোগের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নারীদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হওয়া বা হরমোনজনিত উপসর্গ দেখা দিলেও বিষয়টি অবহেলা করা উচিত নয়।
এসব সমস্যার পেছনে বয়সজনিত পরিবর্তনের পাশাপাশি থাইরয়েডের সমস্যা, রক্তস্বল্পতা, ঘুমের অসুবিধা কিংবা অন্য কোনো শারীরিক কারণ থাকতে পারে। তাই নিজে থেকে কোনো হরমোন বা ওষুধ গ্রহণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। সুস্থ থাকলেও বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো।
বয়সকে মেনে নিয়েই ভালো থাকার চেষ্টা
চল্লিশ বছর পার হওয়া মানেই জীবনের গতি থেমে যাওয়া নয়। বরং এই সময়টিতে শরীরের প্রয়োজন বুঝে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। আগের বয়সের শরীর বা চেহারা ফিরে পাওয়ার চেষ্টায় অস্বাস্থ্যকর পদ্ধতি অনুসরণ না করে বর্তমান শরীরের যত্ন নেওয়াই বুদ্ধিমানের কাজ।
মনে রাখতে হবে, বয়সের সঙ্গে শরীর বদলাবে—এটাই স্বাভাবিক। তাই পুরোনো ‘আমি’কে খুঁজতে গিয়ে বর্তমান নিজেকে অবহেলা করা যাবে না। বরং বয়সের পরিবর্তনগুলো বুঝে সুস্থ থাকা, নিজের পছন্দের কাজ করা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মধ্যেই খুঁজে নিতে হবে জীবনের নতুন ছন্দ।
কালের আলো/এসএ/জেএন
