Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:১৫ পিএম

তিন দেশে চিকিৎসক-নার্স পাঠাতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:১৫ পিএম

তিন দেশে চিকিৎসক-নার্স পাঠাতে চায় বাংলাদেশ

বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্ট্রিয়া ও গায়ানায় স্বাস্থ্য খাতে এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। সোমবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গভবনে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। পরে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য খাতে দক্ষ কর্মী নিতে অস্ট্রিয়া ও গায়ানাকে আহ্বান
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁরা বিশ্বের নানা দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

তিনি অস্ট্রিয়া ও গায়ানায় বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাড়ানোর আহ্বান জানান। অন্যদিকে ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে আরও বেশি বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ করেন। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সমঝোতা গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি।

অস্ট্রিয়ার সঙ্গে বিনিয়োগ ও সবুজ জ্বালানিতে সহযোগিতা
সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক। তাঁর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আহ্বান জানান তিনি। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন। এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার ক্ষেত্রে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

গায়ানার বিনিয়োগ ও ওষুধ রপ্তানি বাড়ানোর উদ্যোগ
এরপর গায়ানার নবনিযুক্ত হাইকমিশনার ধারামকুমার সীরাজ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। সাক্ষাৎকালে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। পাশাপাশি তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এ ছাড়া গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি আরও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।

ফিজির সঙ্গে কৃষি, পর্যটন ও সুনীল অর্থনীতিতে সহযোগিতা
সবশেষে ফিজির নবনিযুক্ত হাইকমিশনার জগন্নাথ সামি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। তাঁর সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পর্ক উন্নয়নে কাজ করার আশ্বাস কূটনীতিকদের
সাক্ষাৎকালে তিন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তাঁরা।

রাষ্ট্রপতি নবনিযুক্ত কূটনীতিকদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!