Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০৯ পিএম

ট্রাম্পের চেষ্টা ব্যর্থ, পুতিনের শর্তে আটকে শান্তি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০৯ পিএম

ট্রাম্পের চেষ্টা ব্যর্থ, পুতিনের শর্তে আটকে শান্তি

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি রাশিয়া। যুদ্ধ শুরুর আগে পশ্চিমা দেশগুলোর কাছে মস্কো যেসব দাবি তুলেছিল, প্রায় পাঁচ বছর ধরে সংঘাত চলার পরও সেই দাবিগুলোই নতুন করে সামনে এনেছে ক্রেমলিন। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও ইউক্রেন যুদ্ধের অবসানের পথ এখনো অনিশ্চিত।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও রাশিয়া শুধু ইউক্রেনের ভবিষ্যৎ নয়, পুরো ইউরোপের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছে। নিউইয়র্ক টাইমসের ১৩ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, ১০ নভেম্বরের রুশ আলোচনাপত্রে মস্কোর পুরোনো দাবিগুলোর পুনরাবৃত্তি রয়েছে। তবে আলোচনাপত্রটি কোনো চূড়ান্ত শান্তিচুক্তি নয়।

ন্যাটোকে ১৯৯৭ সালের অবস্থানে ফেরানোর দাবি
রাশিয়ার অন্যতম প্রধান দাবি, ন্যাটোকে ১৯৯৭ সালের সামরিক অবস্থানে ফিরে যেতে হবে। অর্থাৎ, ওই সময়ের পর জোটে যুক্ত হওয়া পূর্ব ইউরোপের দেশগুলো থেকে ন্যাটোর সামরিক উপস্থিতি ও অবকাঠামো সরিয়ে নিতে হবে। মস্কোর যুক্তি, ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। তাই পূর্ব ইউরোপে জোটটির সামরিক উপস্থিতি সীমিত করতে হবে।

এ ছাড়া ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা যাবে না বলে দাবি করছে রাশিয়া। দেশটিতে পশ্চিমা অস্ত্র ও সেনা মোতায়েন বন্ধ এবং ইউক্রেনের সামরিক সক্ষমতা সীমিত করার শর্তও দিয়েছে মস্কো। রাশিয়ার এসব দাবি বাস্তবায়িত হলে ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তানীতি নির্ধারণের স্বাধীনতা বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে পারে।

ব্রিটেন-ফ্রান্সের পারমাণবিক সুরক্ষা নিয়েও আপত্তি
রাশিয়ার দাবির মধ্যে রয়েছে ইউক্রেনকে ঘিরে ব্রিটেন ও ফ্রান্সের পারমাণবিক সুরক্ষার প্রতিশ্রুতি প্রত্যাহার। একই সঙ্গে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিলেও জোটটির সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ নিতে পারবে না—এমন শর্তও রয়েছে। ইউক্রেনের ভূখণ্ডের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণের স্বীকৃতি নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। কিয়েভের অবস্থান, সামরিক শক্তি প্রয়োগ করে দখল করা কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

২০২১ সালের দাবির পুনরাবৃত্তি
রাশিয়ার বর্তমান শর্তগুলোর ভিত্তি খুঁজে পাওয়া যায় ২০২১ সালে। ওই সময় ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা এবং পূর্ব ইউরোপে জোটটির সামরিক উপস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিল মস্কো। এর পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প দাবি করেছিলেন, ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি যুদ্ধ থামাতে নানা উদ্যোগ নিয়েছেন। কখনো সরাসরি আলোচনার প্রস্তাব, কখনো অর্থনৈতিক সুবিধার আশ্বাস, আবার কখনো কূটনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। কিন্তু রাশিয়ার মূল দাবিতে এখনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

আলোচনা চলছে, মিলছে না সমাধান
সম্প্রতি আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এসব বৈঠকের পর আলোচনায় অগ্রগতির কথা বলা হলেও রাশিয়ার মূল শর্তগুলো থেকে সরে আসার কোনো স্পষ্ট নিশ্চয়তা পাওয়া যায়নি।

রাশিয়ার দাবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ। তাদের আশঙ্কা, মস্কোর প্রস্তাব বাস্তবায়িত হলে ওই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দেশের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিরোধিতা করছেন। অন্যদিকে সাবেক রুশ কূটনীতিক বরিস বোন্দারেভ আশঙ্কা প্রকাশ করেছেন, রাশিয়ার পরিকল্পনা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে দিতে পারে।

ন্যাটোর ঐক্য নিয়ে বাড়ছে শঙ্কা 
ন্যাটোর মূল ভিত্তি হলো সদস্যদেশগুলোর পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকার। জোটের কোনো একটি সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরাও তার প্রতিরক্ষায় এগিয়ে আসবে—এই নিশ্চয়তার ওপর দাঁড়িয়ে রয়েছে ন্যাটোর সামরিক ও রাজনৈতিক শক্তি। রাশিয়ার দাবি বাস্তবায়িত হলে বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে ন্যাটোর এই নিরাপত্তা প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়ার শর্তগুলো শুধু ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নেই সীমাবদ্ধ নয়; এগুলো ইউরোপের দীর্ঘদিনের নিরাপত্তাকাঠামোতেও বড় পরিবর্তন আনতে পারে। এতে ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যে মতবিরোধ ও বিভক্তি বাড়ার ঝুঁকি রয়েছে। তবে রাশিয়ার দৃষ্টিতে ন্যাটোর সামরিক সম্প্রসারণ বন্ধ করা তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি।

এদিকে কূটনৈতিক আলোচনা চললেও ইউক্রেনের সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না। বিভিন্ন শহরে হামলা, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং বাস্তুচ্যুত মানুষের সংকট অব্যাহত রয়েছে। যুদ্ধের দীর্ঘসূত্রতায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি দেশটির অর্থনীতি ও জনজীবনও বিপর্যস্ত হচ্ছে।

সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কঠোর শর্ত। একদিকে ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে মস্কো নিজেদের নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থের প্রশ্নে ছাড় দিতে নারাজ। ফলে আলোচনার টেবিলে অগ্রগতির কথা শোনা গেলেও যুদ্ধের অবসান এখনো অনেক দূরের বিষয়। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই অচলাবস্থা কাটবে, নাকি আরও দীর্ঘ হবে যুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায়?

কালের আলো/এসএ/জেএন

Link copied!