Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৪৬ পিএম

চীনে সরকারি বৃত্তি, পড়ার সুযোগ বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৪৬ পিএম

চীনে সরকারি বৃত্তি, পড়ার সুযোগ বাংলাদেশিদের

চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। এর আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের পাশাপাশি সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।

এ বৃত্তির আওতায় প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, নির্বাচিত বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী ভর্তির যোগ্যতা ও শর্ত ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে পছন্দের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের নির্দিষ্ট শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
বৃত্তির জন্য আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফল এবং প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। স্নাতক পর্যায়ে আবেদনের জন্য বয়স সাধারণত ২৫ বছরের নিচে হতে হবে। স্নাতকোত্তরের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ৪০ বছরের নিচে। সাধারণ গবেষণা কর্মসূচিতে আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর এবং উচ্চতর গবেষণা বা সিনিয়র স্কলার কর্মসূচিতে সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

বৃত্তিতে যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে চীনে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন। বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া দেওয়া হবে। ফলে নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ের বড় অংশ নিয়ে চিন্তা করতে হবে না। তবে সুবিধা পাওয়ার ক্ষেত্রে বৃত্তির নির্ধারিত শর্ত ও নির্দেশনা প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে। পাশাপাশি নির্ধারিত সংস্থা নম্বরের ঘরে ‘০৫০১’ ব্যবহার করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও পড়ার বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার বা অন্যান্য বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হতে পারে।

২০২৭-২৮ শিক্ষাবর্ষের এ বৃত্তির আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃত্তির বিস্তারিত নির্দেশনা, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানা যাবে চীনা সরকারি বৃত্তির ওয়েবসাইট এবং বাংলাদেশে চীনা দূতাবাসের ওয়েবসাইটে।

কালের আলো/এসএ/এমএসআইপি
 

Link copied!