Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০৮ পিএম

চলতি মাসেই নতুন মজুরি ঘোষণার প্রত্যাশা বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০৮ পিএম

চলতি মাসেই নতুন মজুরি ঘোষণার প্রত্যাশা বিজিএমইএর

মজুরি বোর্ডের একটি সভা স্থগিত হলেও পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকরের নির্ধারিত তারিখে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, মজুরি বোর্ডের প্রথম সভাতেই বাড়তি মজুরি কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের উদ্বিগ্ন বা বিভ্রান্ত হওয়ার কারণ নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলতি মাসেই মজুরি ঘোষণার প্রত্যাশা
বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে। এখন বোর্ডকে কাজ করার সুযোগ দিতে হবে। চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন। তাঁর হাতে ক্ষমতা থাকলে পরদিনই মজুরি ঘোষণা করতেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

মজুরি বোর্ডে পোশাকশিল্পের প্রতিনিধি হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই প্রতিনিধি তাঁর দায়িত্ব পালন করছেন এবং তাঁকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভা স্থগিত হয়েছে জানিয়ে মাহমুদ হাসান খান বলেন, এ ঘটনার দায় মালিকপক্ষের ওপর চাপানো ঠিক নয়। সভা স্থগিত হওয়ার কারণে মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং কারখানার কাজ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আন্দোলনের যৌক্তিকতা ও ভাঙচুর নিয়ে বক্তব্য
পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, ১ নভেম্বরের আগে মজুরি নিয়ে শ্রমিকদের আন্দোলনের কিছু যৌক্তিকতা থাকলেও এরপর ভাঙচুর, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং জোর করে শ্রমিকদের কর্মস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি শ্রমিকদের বিভ্রান্ত না হয়ে উৎপাদন প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান।

কারখানার আর্থিক সংকট নিয়ে উদ্বেগ
বিজিএমইএ সভাপতি বলেন, বিভিন্ন কারখানার মালিক তাঁকে ফোন করে নিজেদের আর্থিক সংকটের কথা জানাচ্ছেন। কেউ কেউ বর্তমান পরিস্থিতিতে দেউলিয়া হওয়ার ঝুঁকির কথাও বলছেন। সংগঠনের সভাপতি হিসেবে এসব উদ্বেগ তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

দেশের পোশাকশিল্পের সক্ষমতা নিয়ে তিনি বলেন, একসময় বিজিএমইএর সদস্য কারখানার সংখ্যা ছিল প্রায় ৭ হাজার ২৬৩টি। বর্তমানে তা কমে প্রায় ২ হাজার ২৫০টিতে দাঁড়িয়েছে। বাকি প্রায় চার হাজার কারখানার অধিকাংশই ব্যবসায়িক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করার প্রবণতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, কিছু কারখানা ভালো করলেও সেগুলোর সক্ষমতাকে পুরো শিল্পের মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং কম সক্ষমতার কারখানাগুলোর অবস্থাও বিবেচনায় নিয়ে এমন মজুরি নির্ধারণ করা প্রয়োজন, যা অধিকাংশ কারখানার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব।

স্থায়ী মজুরি কাঠামোর প্রস্তাব
প্রতি তিন বা পাঁচ বছর পরপর মজুরি নিয়ে নতুন করে অস্থিরতা ও শ্রমিক-মালিকের মধ্যে দূরত্ব তৈরি হওয়া বন্ধ করতে স্থায়ী মজুরি কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, প্রতিবছর একটি নির্দিষ্ট তারিখে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। এতে একবারে বড় অঙ্কের মজুরি বৃদ্ধির চাপ তৈরি হবে না। বিষয়টি বাস্তবসম্মত হলেও এ নিয়ে আরও গবেষণা ও আলোচনা প্রয়োজন।

তাঁর মতে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক উপাদানও বিবেচনায় নিতে হবে। একবারে তিন বা পাঁচ বছরের মজুরি বৃদ্ধির চাপ সামাল দেওয়া কঠিন। এর প্রভাব ক্রেতাদের কাছ থেকে পর্যাপ্ত মূল্য আদায়ের ক্ষেত্রেও পড়ে, যা শেষ পর্যন্ত কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিযোগী দেশের সঙ্গে উৎপাদন ব্যয় বিবেচনার তাগিদ
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর উৎপাদন ব্যয় ও মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া জরুরি।

তিনি বলেন, একজন ক্রেতা পোশাক কেনার ক্ষেত্রে মূলত পণ্যের ল্যান্ডেড কস্ট বা পণ্য হাতে পৌঁছানো পর্যন্ত মোট ব্যয় বিবেচনা করেন। এ ক্ষেত্রে উৎপাদন ব্যয়, শ্রমিকের মজুরি, পরিবহন খরচ এবং পণ্য সরবরাহের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম এম আকাশ।

এ ছাড়া বক্তব্য দেন শ্রম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তারসহ অন্যরা।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!