Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:১৩ পিএম

তরুণদের নিয়ে পর্যটনশিল্পের নতুন আয়োজন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:১৩ পিএম

তরুণদের নিয়ে পর্যটনশিল্পের নতুন আয়োজন ঢাকায়

দেশের পর্যটনশিল্পের বিকাশ, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং তরুণ প্রজন্মকে এ খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬’। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিতব্য এ এক্সপোতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ভ্রমণসংশ্লিষ্ট পণ্য ও সেবাগুলো এক জায়গায় তুলে ধরা হবে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

এক ছাদের নিচে পর্যটন গন্তব্য ও সেবা
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন সম্ভাবনা ও পর্যটনসংশ্লিষ্ট সেবাগুলো একই ছাদের নিচে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন পর্যটন গন্তব্য, ভ্রমণ পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা তৈরি এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন তাঁরা। এতে পর্যটন উদ্যোক্তা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তৈরির নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

এক্সপোর অন্যতম আকর্ষণ ক্যারিয়ার সামিট
তিন দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিয়ার সামিট। এতে পর্যটনশিল্পে তরুণদের কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনের সুযোগ, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া পর্যটনবিষয়ক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং অন্যান্য বিশেষ কর্মসূচির আয়োজন থাকবে। এসব কার্যক্রমের মাধ্যমে তরুণদের পর্যটন খাত সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি এ শিল্পে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যটন উদ্যোক্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেবে
ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এর উদ্যোগে আয়োজিত এ এক্সপোতে পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট এবং পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশ নেবে।

সংবাদ সম্মেলনে এক্সপো কনভেনার কামরুল হাসান ইমন বলেন, বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোর মাধ্যমে দেশের পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মকে একটি কার্যকর প্ল্যাটফর্মে একত্রিত করতে চান তাঁরা। দেশীয় পর্যটনের সম্ভাবনা তুলে ধরা, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের লক্ষ্য।

ইটাব সভাপতি ইমরানুল আলম বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে ই-ট্যুরিজম উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ খাতের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে সমন্বিত উদ্যোগ ও কার্যকর সহযোগিতা প্রয়োজন। সেই লক্ষ্যেই ইটাব বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোর আয়োজন করেছে।

তিনি আরও বলেন, এ আয়োজন পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত
আয়োজকরা জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সপোর কো-কনভেনার আরিফুর রহমান রিমন, ইটাবের সেক্রেটারি দ্বীন ইসলাম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আনসারি রিয়াদ এবং প্রচার সম্পাদক মাহবুবুল আলম পাপন।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!