দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক কার্যক্রম সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
চকরিয়া বিভক্ত করে মাতামুহুরী থানা
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে থানাটির কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নতুন কাঠামো তৈরি হবে।
গঠিত হচ্ছে দুটি নতুন পৌরসভা
নিকার সভায় দুটি নতুন পৌরসভা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর মধ্যে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠন করা হবে। নতুন পৌরসভা গঠনের ফলে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য পৃথক প্রশাসনিক কাঠামো তৈরি হবে।
পাগলা থানার নাম পরিবর্তন
ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে থানাটির নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।
দুই উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় এটি স্থাপন করা হবে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরও স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নতুন সদর দপ্তর স্থাপন করা হবে।
দুই মন্ত্রণালয় ও বিভাগের উদ্যোগে প্রস্তাব
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন এবং থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নেওয়া হয়েছে। নিকার সভায় অনুমোদনের মধ্য দিয়ে এসব প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।
কালের আলো/এসকে/এমএসআইপি
