সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে কি না, তা তদারকি করা সংসদ সদস্যদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের তদারকিও আইনপ্রণেতাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানে সংসদ সদস্যদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা হয়।
সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা জরুরি
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। এ পরিস্থিতিতে জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয়প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। এ ধরনের অরিয়েন্টেশন কর্মশালায় অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সংসদ
স্পিকার বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগী হিসেবে ইউএনডিপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের জবাবদিহি বেড়েছে: ডেপুটি স্পিকার
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, যেভাবে ফ্যাসিজমকে বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) অর্জন করা সম্ভব হবে।
বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ কিংবা সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না। বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএ/জেএন
