দুবাই থেকে দেশে ফেরার পথে পায়ুপথে লুকিয়ে আনা চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসে মাখানো পেস্ট উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সব মিলিয়ে প্রায় এক কেজি ওজনের এসব বস্তু উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে স্বর্ণের উপস্থিতি
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
বিমানবন্দরে এক্স-রে পরীক্ষার সময় তার রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু লুকিয়ে রাখার বিষয়টি শনাক্ত হয়। পরে তল্লাশি চালিয়ে পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
অন্তর্বাসে মিলেছে স্বর্ণসদৃশ পেস্ট
পায়ুপথে লুকানো বস্তুগুলোর পাশাপাশি ওই যাত্রীর পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম। তবে এসব বস্তুর মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধনের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
আন্তর্জাতিক চোরাচালান চক্রের সন্দেহ
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
