Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৫১ পিএম

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তুরস্ক

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৫১ পিএম

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও যৌথ উৎপাদনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব গড়ে তোলা, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর এবং বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আন্তরিক পরিবেশে দুই নেতার বৈঠক
কপ-৩১-এর সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় আন্তর্জাতিক সম্মেলনে আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দেশের সরকারপ্রধানের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেন না। তবে কপ-৩১-এর প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছে। একই সঙ্গে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এবং গুরুত্বের বিষয়টিও এতে প্রতিফলিত হয়েছে বলে মনে করেন তিনি।

প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও যৌথ উৎপাদনের আলোচনা
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এ খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিশেষ করে বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠা, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং যৌথ উদ্যোগে বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরির বিষয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মাধ্যমে শুধু সরঞ্জাম কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ না থেকে উৎপাদন ও প্রযুক্তিগত অংশীদারত্বের ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বিভিন্ন খাতে যৌথ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
প্রতিরক্ষা ও বিনিয়োগের পাশাপাশি বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এ বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন নিশ্চিত করতেও দুই দেশ যৌথভাবে জোরালো ভূমিকা রাখতে পারে বলে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো এবং সংকটের সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

তারেক রহমানকে ‘সম্মানিত ভাই’ বললেন এরদোয়ান
বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এরদোয়ান তারেক রহমানকে বলেছেন, ‘আপনি শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতাই নন, আপনি আমার অত্যন্ত সম্মানিত ভাই এবং এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

একই সঙ্গে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী তুরস্কের সক্ষমতার মধ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশের কোন খাতে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তাঁকে জানানোর জন্যও প্রধানমন্ত্রীকে বলেছেন এরদোয়ান।

সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সব মিলিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক বর্তমানে অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। সাম্প্রতিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাবে।

কালের আলো/এসএ/এমএইচএ

Link copied!