জুলাই সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন, এ বিষয়ে সরকারকে সহযোগিতা করছে না বিরোধী দল। তবে সরকার চায়, বিরোধী দল সরকারকে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুক।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।’ তিনি বলেন, বিরোধী দল চাইলে বিষয়টিকে সংবিধান সংস্কারের অংশ হিসেবেও দেখতে পারত। কিন্তু এ ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করছে না বলে মন্তব্য করেন তিনি।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘অথচ তারা সেটাকে সংবিধান সংস্কারও হিসেবেও দেখতে পারতো। বিরোধী দলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’
জুলাই স্মৃতিফলক উন্মোচনকে জাতীয় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, জুলাই গণঅভ্যুত্থান কোনো এক দিনের ঘটনা নয়; এর পেছনে দীর্ঘ সময়ের আন্দোলন ও সংগ্রাম রয়েছে। তিনি বলেন, ‘জুলাই স্মৃতিফলক উন্মোচন আমাদের জাতীয় অনুপ্রেরণা। জুলাই গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এর জন্য ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে এটি জাগরুক থাকুক।’ জুলাইয়ের স্মৃতি ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতে জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। জুলাই আন্দোলনে প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবে। সালাহ উদ্দিন আহমদের বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন এবং গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে এ প্রক্রিয়ায় বিরোধী দলের সহযোগিতা চেয়েছে সরকার।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
