Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

গোপালগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:২৭ পিএম

টুঙ্গিপাড়ায় ভয়াবহ সহিংসতা, এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:২৭ পিএম

টুঙ্গিপাড়ায় ভয়াবহ সহিংসতা, এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। থানায় হামলা, অগ্নিসংযোগ, লকার ভেঙে আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আসামি গ্রেপ্তার ঘিরে থানায় উত্তেজনা
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এ খবর ছড়িয়ে পড়লে তাদের ছাড়িয়ে নিতে থানায় যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের সংগঠিত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা থানায় হামলা চালায় এবং ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।

থানার লকার ভেঙে আসামি ছিনতাই, অস্ত্র লুট
হামলাকারীরা থানা কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন দেয় বলে জানা গেছে। একপর্যায়ে থানার লকার ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে হামলাকারীদের প্রতিরোধ করতে না পেরে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হয়েছেন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।

রিজার্ভ ফোর্সের পথে বাধা, আনসারের গাড়িতে আগুন
এদিকে গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় বাধার মুখে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে জানা গেছে।

এ সময় আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানে অবরোধ থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যেতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এলাকাজুড়ে সহিংসতা ও আতঙ্ক
প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতা চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলাকারীদের একটি অংশ বিভিন্ন স্থানে উল্লাস করছিল বলেও দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতি, লুট হওয়া অস্ত্রের সংখ্যা এবং আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!