Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১২:৩৯ পিএম

ওসমানী উদ্যানে গাছ কাটার প্রসঙ্গ তুলে স্থাপনা নির্মাণে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১২:৩৯ পিএম

ওসমানী উদ্যানে গাছ কাটার প্রসঙ্গ তুলে স্থাপনা নির্মাণে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের প্রয়োজনে স্থাপনা নির্মাণ করতে হলেও প্রকৃতি ও পরিবেশের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যতটা সম্ভব প্রকৃতিকে আঘাত করা ও ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। প্রকৃতি সংরক্ষণ করা গেলে শেষ পর্যন্ত তা সবার জন্যই উপকার বয়ে আনবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ওসমানী উদ্যান দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উদ্যানটি সংস্কার করে সুন্দরভাবে সাজানো হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। সংস্কার ও নির্মাণকাজ শেষে সোমবার এসব স্থাপনার উদ্বোধন করা হয়েছে। তবে উন্নয়নকাজ করতে গিয়ে প্রকৃতির ক্ষতির বিষয়টিও সামনে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওসমানী উদ্যানের উন্নয়নকাজের সময় অনেক গাছ কাটা হয়েছে। এ প্রসঙ্গে স্থাপত্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, দেশের ও মানুষের প্রয়োজনে স্থাপনা নির্মাণ করতে হবে ঠিকই, তবে যতটা সম্ভব প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করে কাজ করতে হবে।

প্রকৃতি ধ্বংস না করে উন্নয়নকাজ পরিচালনার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে স্থাপনা নির্মাণ করা হলে তা দীর্ঘমেয়াদে সবার জন্য কল্যাণকর হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, কয়েক দিন আগে তিনি রাজধানীর হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারি হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা কিছুটা ভালো। এসব প্রতিষ্ঠানের পরিবেশ ও ব্যবস্থাপনা আরও উন্নত করার প্রয়োজনীয়তার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা এসব স্থাপনা দেখতে আসবেন, তাঁদের এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে পরিবেশ নষ্ট হয় বা ময়লা জমে। একই সঙ্গে উদ্যান ও স্মৃতিস্তম্ভের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। দর্শনার্থীদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এসব স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখা সম্ভব বলে তাঁর বক্তব্যে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি। তাই এখানে আসা সবার দায়িত্ব হলো এর পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখা।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!