বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৭৫ শতাংশ। এ বছর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে জিপিএ-৫ বা ‘এ প্লাস’ পেয়েছেন ১৬ জন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৪৬ হাজার ৭৬৫ শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ২২২ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।
ছাত্রদের তুলনায় ছাত্রী কম উত্তীর্ণ
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ‘এ প্লাস’ পেয়েছেন ১৬ জন। ‘এ’ গ্রেড পেয়েছেন ১ হাজার ৫০৮ জন, ‘এ মাইনাস’ ৩ হাজার ৩০২ জন, ‘বি’ ৩ হাজার ৫২৪ জন, ‘সি’ ২ হাজার ১০৭ জন এবং ‘ডি’ গ্রেড পেয়েছেন ৪৬ জন।
৪১ কর্মদিবসে ফল প্রকাশ
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
এ সময় উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।
তিনি জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
যেভাবে জানা যাবে ফল
বাউবির এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে—
গ্রামীণফোন: মেসেজ অপশনে `PB BOU` লিখে একটি স্পেস দিয়ে নিজের স্টুডেন্ট আইডি লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে।
টেলিটক:`BOU` লিখে একটি স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।
রবি ও বাংলালিংক: `BOU` লিখে একটি স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ওয়েবসাইট অথবা নির্ধারিত মোবাইল অপারেটরের এসএমএস সেবার মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।
কালের আলো/এসএ/এমএসআইপি
