Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৭:২০ পিএম

কাপ্তাইয়ের বুকে সাঁতারের মহারণ, সেরার মুকুট ফয়সাল-মুক্তির

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৭:২০ পিএম

কাপ্তাইয়ের বুকে সাঁতারের মহারণ, সেরার মুকুট ফয়সাল-মুক্তির

চারদিকে পাহাড়, সামনে বিস্তীর্ণ জলরাশি। তীর থেকে শুরু হওয়া চোখের অপেক্ষা, আর পানির বুকে একের পর এক স্ট্রোকের লড়াই। কে হার মানবেন ক্লান্তির কাছে, কে ছাপিয়ে যাবেন প্রতিপক্ষকে—সেই রোমাঞ্চেই সোমবার (১৬ নভেম্বর) সরগরম হয়ে ওঠে রাঙামাটির কাপ্তাই লেক। ১০ কিলোমিটারের কঠিন জলপথ পেরিয়ে পুরুষ বিভাগে সেরা ফয়সাল আহম্মেদ। আর নারীদের ৮ কিলোমিটারের লড়াইয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছেন মুক্তি খাতুন। দুই বিভাগেই চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু।

  • পাহাড়ঘেরা লেকের বুকে ২০ সাঁতারুর লড়াই
  • ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে দুই বিভাগেই সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা সাঁতারুদের সঙ্গে লড়াইয়ে যোগ দেন স্বাগতিক রাঙামাটির দুই প্রতিনিধি। সব মিলিয়ে ২০ জনের এই প্রতিযোগিতা ছিল শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও মানসিক দৃঢ়তার কঠিন পরীক্ষা।

১০ কিলোমিটারে ফয়সালের দাপট, নারীদের লড়াইয়ে মুক্তির বাজিমাত
কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে বিএফডিসি ঘাঁট এলাকায়। পুরুষদের জন্য ১০ কিলোমিটার আর নারীদের জন্য ৮ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করা হয়। দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সেরার স্বীকৃতি পান ছয় সাঁতারু। পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ।

দ্বিতীয় হয়ে লড়াই শেষ করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা। তৃতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। নারী বিভাগেও সেরার মুকুট ওঠে সেনাবাহিনীর সাঁতারুর মাথায়। প্রথম হন মুক্তি খাতুন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলি খাতুন।

২০ সাঁতারু, দুই বিভাগ, এক লক্ষ্য—সেরার স্বীকৃতি
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন সাঁতারু। তাঁদের মধ্যে পুরুষ ও নারী বিভাগে ছিলেন ৯ জন করে। এর সঙ্গে স্বাগতিক রাঙামাটি জেলা থেকে দুই বিভাগে একজন করে আরও দুজন অংশ নেন।

এ প্রতিযোগিতার বিশেষত্ব ছিল দূরত্বের পাশাপাশি প্রতিটি সাঁতারুর ধারাবাহিক সক্ষমতার পরীক্ষা। দীর্ঘ সময় পানিতে থেকে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোই ছিল বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বিজয়ীদের পাশাপাশি সফলভাবে সাঁতার সম্পন্ন করা প্রত্যেক প্রতিযোগীকেও দেওয়া হয় স্বীকৃতি।

বিজয়ীদের হাতে পুরস্কার, অংশগ্রহণকারীদেরও সম্মাননা
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রতিযোগিতা শেষে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী, সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকেও দেওয়া হয় সনদ ও আর্থিক পুরস্কার।

কাপ্তাইয়ের লড়াইয়ের পর লক্ষ্য এখন আন্তর্জাতিক মঞ্চ
এই আয়োজনের বিশেষত্ব পদক ও পুরস্কারের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সাঁতারের প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও এমন প্রতিযোগিতাকে দেখছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্য সামনে রেখে নৌবাহিনী গ্রহণ করেছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী, সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

লক্ষ্য একটাই—দেশের জলাশয়ে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে এনে জাতীয় দলের শক্তিতে পরিণত করা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এমনকি অলিম্পিকের মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো সাঁতারু তৈরি করা। কাপ্তাই লেকের জলপথে শেষ হয়েছে ২০ সাঁতারুর শ্রেষ্ঠত্বের লড়াই। কিন্তু বাংলাদেশের সাঁতারের জন্য লড়াইটা আরও বড়। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খোঁজা হচ্ছে আগামী দিনের সেই সাঁতারুদের, যাঁদের হাত ধরে একদিন আন্তর্জাতিক সুইমিং পুলে উড়তে পারে লাল-সবুজের পতাকা।

কালের আলো/এমএএএমকে

Link copied!