রাজনীতি মানেই শুধু ক্ষমতায় যাওয়া নয়, রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষার আগে নিজেকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও জরুরি। নতুন প্রজন্মের প্রতি এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মতে, ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়ার আগে নিজেদের প্রস্তুত করতে হবে এখন থেকেই। সেই প্রস্তুতির শুরু হতে পারে নিজের ঘর, শহর ও চারপাশ পরিচ্ছন্ন রাখা, নিয়মিত গাছ লাগানো এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক আচরণের মধ্য দিয়ে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদ অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি তাদের সামনে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার তিনটি বিশেষ পরামর্শ তুলে ধরেন।
- পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি মানবিক আচরণের পরামর্শ
- রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়ার আগে যোগ্যতা অর্জনের আহ্বান
তারেক রহমান বলেন, নিজেদের শহর, ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, প্রতি বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সব সময় সদয় ও মানবিক আচরণ করতে হবে।
নতুন প্রজন্ম ক্রমান্বয়ে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে সেই আগ্রহের সঙ্গে প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা ও দায়িত্ববোধের সমন্বয় ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি। অর্থাৎ ভবিষ্যতের নেতৃত্ব তৈরির প্রস্তুতি কেবল রাজনৈতিক পরিসরে নয়, ব্যক্তিগত আচরণ ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েও শুরু হতে পারে।
সংসদ ভবনে শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা
এদিন, জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।
এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক প্রতিনিধিদলও পরিদর্শনে অংশ নেন।
সংসদ ভবনে পৌঁছে শিক্ষার্থীরা প্রথমে এর ইতিহাস ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ গ্যালারিতে বসে সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করেন। সৌজন্য সাক্ষাৎ ও ব্রিফিং শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনেও অংশ নেন তাঁরা।
নাগরিক দায়িত্ব থেকেই শুরু হোক পরিবর্তন
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন পরামর্শের মধ্যে রয়েছে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণ। বিষয়গুলো আপাতদৃষ্টিতে দৈনন্দিন জীবনের সাধারণ অভ্যাস হলেও এর মধ্য দিয়ে ব্যক্তিগত সচেতনতা, পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধের চর্চার কথা উঠে এসেছে।
নতুন প্রজন্মের সামনে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মূলত নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার গুরুত্ব দিয়েছেন। তাঁর এই বার্তায় ভবিষ্যৎ নেতৃত্বের পাশাপাশি একটি দায়িত্বশীল ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যাশাও প্রতিফলিত হয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।
কালের আলো/জেএন/এমকে
