শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার দিয়েছে গ্রামীণফোন। এ উদ্যোগের ফলে বিভাগটির কম্পিউটিং সক্ষমতা বাড়বে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগসহ আধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণার কাজ আরও সহজ হবে।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি বলছে, নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত হয়ে পড়া প্রযুক্তিপণ্য পুনর্ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
গবেষণায় বাড়বে কম্পিউটিং সক্ষমতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিকস নিয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এসব বিষয়ে গবেষণার জন্য জটিল সিমুলেশন চালানো, বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল তৈরি ও পরীক্ষা করার প্রয়োজন হয়।
গ্রামীণফোনের দেওয়া সার্ভারটি এসব কাজে অতিরিক্ত কম্পিউটিং সুবিধা দেবে। এর ফলে শিক্ষার্থী ও গবেষকেরা বিভিন্ন গবেষণা প্রকল্পে তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার আরও সুযোগ পাবেন।
পার্টনারশিপ চুক্তি সই
এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি রাজধানীর জিপি হাউসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি সই করেছে গ্রামীণফোন।
চুক্তিতে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, মো. মিনারুল ইসলাম ও খালেদা আলী।
শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপ দেওয়ার লক্ষ্য
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর করাই এ অংশীদারত্বের অন্যতম লক্ষ্য। পাশাপাশি এআইসহ উদীয়মান প্রযুক্তি নিয়ে অনুসন্ধান এবং বাংলাদেশের ডিজিটাল চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান তৈরিতে শিক্ষার্থীদের সহায়তা করতে চায় প্রতিষ্ঠানটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল আলম বলেন, প্রকৌশল শিক্ষা ও গবেষণায় কম্পিউটিং রিসোর্সের সহজলভ্যতা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গ্রামীণফোনের এই সহায়তা বিভাগের গবেষণাগারের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সার্ভারটির মাধ্যমে শিক্ষার্থীরা সিমুলেশন, ডেটা বিশ্লেষণ ও বিভিন্ন গবেষণা প্রকল্পে নিজেদের অর্জিত জ্ঞান প্রয়োগের আরও সুযোগ পাবেন।
শিক্ষা ও প্রযুক্তি খাতের এ অংশীদারত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি অব্যবহৃত প্রযুক্তিপণ্যের কার্যকর পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে গ্রামীণফোন।
কালের আলো/এসএ/জেএন
