দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান তুলে ধরতে ‘পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে এসিআই রিনিউয়েবল এনার্জি। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী পরিচিত তিনটি নবায়নযোগ্য জ্বালানি ও পাওয়ার সলিউশন ব্র্যান্ড—ইকোফ্লো, গুডউই ও আইকো একসঙ্গে প্রদর্শন করেছে।
১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর আয়োজন করে সিইএমএস গ্লোবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসিআই রিনিউয়েবল এনার্জি।
এক ছাদের নিচে পূর্ণাঙ্গ জ্বালানি সমাধান
প্রদর্শনীতে এসিআই রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন প্রযুক্তি ও ব্যবহারভিত্তিক সমাধান তুলে ধরে। এর মধ্যে ছিল বহনযোগ্য পাওয়ার স্টেশন, বাসাবাড়ির বিদ্যুৎ ব্যাকআপ ব্যবস্থা, আবাসিক ও বাণিজ্যিক এনার্জি সিস্টেম, শিল্প খাতের বিদ্যুৎ সমাধান, উন্নত ইনভার্টার, এনার্জি স্টোরেজ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউল।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, বিশ্বব্যাপী স্বীকৃত প্রযুক্তি ও নির্ভরযোগ্য জ্বালানি সমাধান বাংলাদেশের বাজারে পৌঁছে দেওয়া। দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য উৎসের ব্যবহার এবং সৌরবিদ্যুতের সম্প্রসারণে গুরুত্ব বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
তিন ব্র্যান্ডের প্রযুক্তিগত সক্ষমতা
প্রদর্শনীতে অংশ নেওয়া তিনটি ব্র্যান্ডের রয়েছে আলাদা প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারক্ষেত্র। ইকোফ্লো বহনযোগ্য পাওয়ার স্টেশন ও বাসাবাড়ির বিদ্যুৎ ব্যাকআপ সমাধান নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির পণ্যগুলো প্রচলিত আইপিএসের বিকল্প হিসেবে স্মার্ট ও বহনযোগ্য বিদ্যুৎ সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি।
অন্যদিকে, গুডউই আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য ইনভার্টার এবং ব্যাটারি প্রযুক্তিভিত্তিক সমাধান সরবরাহ করে। আর আইকো প্রদর্শনীতে তুলে ধরে উন্নত এন-টাইপ এবিসি প্রযুক্তির সৌর প্যানেল, যা উচ্চ দক্ষতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি।
দর্শনার্থীদের আগ্রহ
তিন দিনের এ প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান, খাতসংশ্লিষ্ট পেশাজীবী, সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার, গ্রাহক ও সাধারণ দর্শনার্থীদের কাছ থেকে সাড়া পেয়েছে এসিআই রিনিউয়েবল এনার্জি।
দর্শনার্থীরা ব্র্যান্ডগুলোর সর্বশেষ প্রযুক্তি ঘুরে দেখেন এবং পণ্যের প্রদর্শনীতে সরাসরি অংশ নেন। পাশাপাশি বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় এসব নবায়নযোগ্য জ্বালানি সমাধান ব্যবহারের সম্ভাবনা সম্পর্কেও জানতে পারেন।
জ্বালানি খাতের রূপান্তরে ভূমিকা রাখতে চায় এসিআই
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এসিআই রিনিউয়েবল এনার্জির বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে অর্থবহ অবদান রাখাই তাঁদের লক্ষ্য। জ্বালানির ভবিষ্যৎ আরও স্মার্ট, দক্ষ ও টেকসই প্রযুক্তি গ্রহণের ওপর নির্ভর করছে বলে তাঁরা বিশ্বাস করেন।
আসিফ ফয়সাল আরও বলেন, ইকোফ্লো, গুডউই ও আইকোর মাধ্যমে পোর্টেবল পাওয়ার, এনার্জি স্টোরেজ, ইনভার্টার প্রযুক্তি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউলের সমাধান একত্র করা হয়েছে। বাংলাদেশের গ্রাহকেরা যাতে নির্ভরযোগ্য, উদ্ভাবনী ও বিশ্বমানের নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা পান, সে লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
এসিআই রিনিউয়েবল এনার্জির মতে, বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তিগত উদ্ভাবন, জ্বালানিদক্ষতা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের সমন্বয়ের মাধ্যমে।
কালের আলো/এসএ/জেএন
