Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৪:২৯ পিএম

এসআরবি’র সংবাদ সম্মেলন

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচার, যুদ্ধক্ষেত্রে প্রাণ গেল ২০ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৪:২৯ পিএম

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচার, যুদ্ধক্ষেত্রে প্রাণ গেল ২০ বাংলাদেশির

রাশিয়ায় নির্মাণকাজে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ জন বাংলাদেশিকে পাচার করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। তাঁদের মধ্যে প্রায় ২০ জন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান ও হামলার দূরত্ব শনাক্ত করতে তাঁদের ‘শিকার’ হিসেবে ব্যবহার করা হতো বলে সংস্থাটির দাবি।

এ ঘটনায় মানব পাচার চক্রের কথিত মূলহোতা মিজানুর রহমান ও তাঁর সহযোগী মো. আবু তাহের লেন্টুকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

এসআরবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিজানুর রহমানের বয়স ৫৫ বছর এবং আবু তাহের লেন্টুর বয়স ৫০ বছর। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে ফরিদপুরের নগরকান্দা থানার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে এবং একই রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আবু তাহের লেন্টুকে গ্রেপ্তার করা হয়।

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠানো

সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, গ্রেপ্তার দুজনের যোগসাজশে রাজন হোসেন (২১) নামের এক যুবককে নির্মাণকাজে চাকরির কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠানো হয়। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর তাঁকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। পরে ২১ দিনের প্রশিক্ষণ শেষে রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয় বলে দাবি করেছে সংস্থাটি।

এসআরবি-১০-এর অধিনায়কের ভাষ্য, প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে সামনে পাঠানো হতো। তাঁদের ওপর ড্রোন হামলা হলে হামলাকারীদের অবস্থান ও দূরত্ব সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করা হতো।

ড্রোন হামলায় গুরুতর আহত রাজন

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন তিনি। চার দিন কষ্ট করার পর হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন। পরে আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন।

ক্ষতিপূরণ চাওয়ায় হুমকির অভিযোগ

দেশে ফেরার পর রাজন ক্ষতিপূরণ দাবি করলে মিজানুর রহমান তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছে এসআরবি। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৩০ জনের মধ্যে ২০ জনের মৃত্যুর দাবি

এসআরবি-১০-এর অধিনায়ক মোহা. আসাদুজ্জামান বলেন, অনুসন্ধানে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সংস্থাটির। দুজন পালিয়ে দেশে ফিরেছেন। বাকি আটজনের মধ্যে দুজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্য ছয়জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন বলে জানানো হয়।

এক প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো হয় ২১ জন

এসআরবির তথ্য অনুযায়ী, মিজানুর রহমান জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল এজেন্সির চেয়ারম্যান। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে ২১ জন ভুক্তভোগীকে রাশিয়ায় পাঠানো হয়। এ ছাড়া মোস্তাফিজুর রহমান ও আলী নামের আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংস্থাটি। হারেস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটির ভাষ্য, ভুক্তভোগীদের পাসপোর্ট তৈরি থেকে শুরু করে বিমানে তুলে দেওয়া পর্যন্ত ব্যবস্থা করতেন মিজানুর রহমান। রাশিয়ায় পৌঁছে প্রকৃত কর্মক্ষেত্র সম্পর্কে জানতে পেরে ভুক্তভোগীরা দেশে ফেরানোর অনুরোধ জানালেও তাতে সাড়া দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ থেকে রাশিয়ায় মানব পাচারের ঘটনায় রাশিয়ায় অবস্থানরত আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এসআরবি-১০-এর অধিনায়ক।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!