নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’।
‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। জানা গেছে, ১৯ নভেম্বর থেকে শুটিংয়ের কাজে বগুড়ায় ছিলেন এই অভিনেতা। বুধবার (২৫নভেম্বর) তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আকস্মিক মৃত্যুতে থেমে গেল তাঁর অভিনয়জীবনের পথচলা।
শুটিংয়ে যাওয়ার আগমুহূর্তে ঘটে মর্মান্তিক ঘটনা
শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাঁকে নিতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন তিনি। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সহশিল্পী ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের মৃত্যুর আগমুহূর্তের ঘটনা তুলে ধরেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং চলছিল। সেদিন সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। নিচে গাড়িও অপেক্ষা করছিল। এ সময় কক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
জয়ের পোস্টে আরও বলা হয়, ঘটনার পর সোহেল খানের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রথমে উপস্থিত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পারেননি। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন জয়।
বিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু, ‘৪২০’ দিয়ে পরিচিতি
অভিনেতা সোহেল খানের পর্দায় যাত্রা শুরু হয়েছিল একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ওই বিজ্ঞাপনচিত্রে কাজের পর ধীরে ধীরে অভিনয়জগতে পরিচিতি পান তিনি।
পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকের নজরে আসেন সোহেল খান। ২০০৭ সালে প্রথম প্রচারিত এ ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অবদানের কথা একাধিকবার স্বীকার করেছেন সোহেল খান। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন এবং অভিনয়ের প্রয়োজনে নতুনভাবে তৈরি করেছেন। বয়সে ছোট হলেও অভিনয়ের ক্ষেত্রে ফারুকীর কঠোর নির্দেশনা ও শাসনকে ইতিবাচকভাবেই দেখতেন তিনি।
নাটক ও টেলিছবিতে ছিল নিয়মিত উপস্থিতি
একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে দীর্ঘদিন কাজ করেছেন সোহেল খান। ছোট পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বিভিন্ন ধরনের চরিত্রে স্বচ্ছন্দ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছিলেন সোহেল খান। কখনো হাস্যরসাত্মক, কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে তাঁকে দেখা গেছে। তাঁর অভিনীত চরিত্রগুলোতে ছিল স্বতন্ত্র উপস্থিতি, যা তাঁকে দর্শকের কাছে পরিচিত করে তোলে।
বড় পর্দায়ও রেখেছেন অভিনয়ের ছাপ
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সোহেল খান। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’ ছাড়াও ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ ও ‘শান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এসব সিনেমায় বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘প্রজাপতি’তে মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’-এ বাবুল চরিত্রে অভিনয় করেন তিনি।
সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন সোহেল খান। সেখানে তাঁকে দেখা যায় গ্যারেজের মালিকের চরিত্রে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি।
সিনেমা হল গড়ার স্বপ্ন ছিল সোহেল খানের
ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। অভিনয়ের পাশাপাশি সিনেমা ও সংস্কৃতিচর্চা নিয়ে তাঁর নিজস্ব ভাবনাও ছিল। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ার স্বপ্ন দেখতেন।
অভিনয়ের ব্যস্ততার মধ্যেও চলচ্চিত্রের প্রসার নিয়ে তাঁর এমন ভাবনা ছিল। তবে সেই স্বপ্ন আর বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেলেন না তিনি।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। সহকর্মী ও ভক্তদের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন তাঁর অভিনীত বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে।
কালের আলো/এসএ/টিসি











-20261121140412.jpg)








