বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় অন্তত ৬০ থেকে ৭০টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে যান। পরে বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কে অবস্থান নেন।
খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের একাংশ উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কিছু সময় পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল শুরু হয়।
৩২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় মঙ্গলবারের জন্য ৬০ থেকে ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
তিনি জানান, মঙ্গলবার ৬০ থেকে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








