নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি।
সেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।
মহড়ায় অংশ নিচ্ছে তিন বাহিনীর বিশেষ দল
বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত দল সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
স্বর্ণদ্বীপে প্রথমবার প্রধানমন্ত্রীর সফর
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার দ্বীপটিতে অনুষ্ঠিত হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








