গাইবান্ধায় রেলক্রসিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধা অংশে থাকা ৮০টি রেলগেটের মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে প্রায় ৪০টি লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। অধিকাংশ ক্রসিংয়ের অনুমোদনও নেই। ফলে এসব পথ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা। গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে ২২ জনের মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা থেকে সুন্দরগঞ্জের হাসানগঞ্জ পর্যন্ত সান্তাহার-লালমনিরহাট রেলপথে গাইবান্ধা অংশে রয়েছে ১১টি স্টেশন। এগুলো হলো শালমারা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা, কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ। এ পথে প্রতিদিন লোকাল ও আন্তনগর মিলিয়ে আটটি ট্রেন চলাচল করে।
গেটম্যান ছাড়াই চলছে পারাপার
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে রেললাইনের ওপর দিয়ে চলাচলের জন্য রাস্তা তৈরি হয়েছে। এসব পথের দুই পাশে রয়েছে পাকা সড়কও। কোথাও স্থানীয় লোকজন বাঁশ দিয়ে ট্রেন চলাচলের সময় সাময়িকভাবে পথ বন্ধ করেন। আবার কোথাও গেট থাকলেও দায়িত্বে নেই কোনো গেটম্যান। কিছু স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও তা দুর্ঘটনা ঠেকাতে যথেষ্ট নয়।
এসব পথ দিয়ে শিক্ষার্থী, বৃদ্ধ, পথচারী ও বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দূরত্ব কমাতে এসব পথ ব্যবহার করতে গিয়ে তাঁদের সব সময় আতঙ্কে থাকতে হয়। শহরের কলেজপাড়ার বাসিন্দা শুভ মিয়া বলেন, রেললাইনের ওপর দিয়ে অসংখ্য চলাচলের পথ তৈরি হয়েছে। এসব রাস্তা বন্ধ করা অথবা গেটম্যান নিয়োগ দেওয়া জরুরি। ছোট শিক্ষার্থীরা ঝুঁকি না বুঝেই এসব পথ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে।
সদর উপজেলার খোলাহাটির মোল্লার বাজার এলাকার মোটরসাইকেলচালক আজিজার বলেন, রেললাইনের ওপর দিয়ে এই রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করলেও সেখানে কোনো গেটম্যান নেই। বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত গেটম্যান নিয়োগ করা প্রয়োজন।
মোল্লাবাজারের ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, রেললাইনের দুই পাশে অনেক দোকানপাট গড়ে উঠেছে। কেনাকাটার জন্য মানুষ এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করে। অনেক বয়স্ক মানুষের ট্রেনের শব্দ শোনার ক্ষমতাও কম। তাই গেটম্যান না থাকলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
শহরের ব্যবসায়ী শ্যামল বিশ্বাসের ভাষ্য, রেলক্রসিংয়ের দুই পাশে পৌরসভার পাকা রাস্তা থাকায় মানুষ ও যানবাহন চলাচল করবেই। অথচ সেখানে গেটম্যান নেই। দুর্ঘটনা ঘটলে কেউ দায় নিতে চায় না। সমস্যা সমাধানের পরিবর্তে বিভিন্নভাবে ঝুঁকি বাড়ছে।
অবৈধ স্থাপনা ও নতুন পথ তৈরির অভিযোগ
সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর অভিযোগ, রেলের কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের বিনিময়ে রেলওয়ের জমি লিজ দিচ্ছেন। এসব জমিতে দোকানপাট, ঘরবাড়ি ও বাজার গড়ে ওঠায় রেললাইনের ওপর দিয়ে নতুন নতুন চলাচলের পথ তৈরি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তাঁর মতে, রেলের জায়গায় অবৈধ স্থাপনা ও দোকানপাট নির্মাণ বন্ধ করা গেলে অননুমোদিত লেভেল ক্রসিং কমবে এবং দুর্ঘটনাও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এক বছরে ট্রেনে কাটা পড়ে ২২ জনের মৃত্যু
গাইবান্ধা রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (আইসি) আব্দুল গণি বলেন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছে। গত এক বছরে গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ২২ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
গাইবান্ধা রেলস্টেশনের স্টেশনমাস্টার সুমিত সরকার বলেন, স্থানীয় লোকজন রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসব অরক্ষিত ক্রসিং তৈরি করেছেন। রেলওয়ের প্রকৌশল বিভাগের অনুমোদিত লেভেল ক্রসিংগুলোতে গেটম্যান রয়েছেন। অননুমোদিত চলাচলের পথগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে গেটম্যান নিয়োগের প্রয়োজনীয়তা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








