একদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ভূমিকার স্মরণ, অন্যদিকে প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে গভীর আবেগ। এর মধ্যেই রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয়, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা এবং জাতীয় ঐক্যের আহ্বান। সব মিলিয়ে এবারের সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে উঠে এল ইতিহাস, আবেগ, আত্মমর্যাদা ও ভবিষ্যৎ বাংলাদেশের ভাবনা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল সুর ছিল ‘সবার আগে বাংলাদেশ’। তাঁর প্রত্যয়, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী এই চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
- সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ভূমিকা স্মরণ
- সেনানিবাসে মা খালেদা জিয়ার স্মৃতিচারণে আবেগাপ্লুত তারেক রহমান
- স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান রযাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সহধর্মিণী বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার ফিরে আসে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন ঐতিহাসিক সন্ধিক্ষণে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রসঙ্গ। একই সঙ্গে উঠে আসে অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্র, পিলখানা হত্যাযজ্ঞ এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের প্রসঙ্গ।
তারেক রহমান বলেন, ‘অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, ইতিহাসের বাঁকে সশস্ত্র বাহিনী
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান—দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী দেশের সামনে দুটি প্রধান দায়িত্বের কথা তুলে ধরেন। প্রথমত, যেকোনো মূল্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়ত, শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এ বাহিনীর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার সাহসী ভূমিকার স্মরণ
প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে উল্লেখ করে তারেক রহমান ১৯৭১ সালের মার্চের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

সেনানিবাসে মায়ের স্মৃতি, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
আনুষ্ঠানিক বক্তব্যের গাম্ভীর্যের মধ্যে ব্যক্তিগত আবেগেরও একটি বিশেষ মুহূর্ত তৈরি হয় সেনাকুঞ্জে। সেনানিবাসে এসে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা নিজেই তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তাঁর মা বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। মায়ের স্মৃতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সবার কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার মধ্যে এই ব্যক্তিগত স্মৃতিচারণ বক্তব্যে এক আবেগঘন মাত্রা যোগ করে।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার পরিকল্পনা
ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও নিজের সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেক রহমান বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ। সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা ও পেশাদারত্ব বজায় রাখতে চেইন অব কমান্ডের গুরুত্বও তুলে ধরেন তিনি। তাঁর মতে, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত উন্নয়নের পাশাপাশি তাঁদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নের বিষয়েও সরকারের আন্তরিকতার কথা জানান প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠনের কথা উল্লেখ করেন তিনি। এ সময় ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন তারেক রহমান। বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বশান্তিতেও অবদান
সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও বিদেশে দায়িত্ব পালনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাঁদের ভূমিকা প্রশংসনীয়।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমন এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সদস্য শহীদ ও আহত হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
দেশে-বিদেশে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যের প্রত্যাশা
বক্তব্যের শেষভাগে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সম্মিলিত দায়িত্বের বিষয়টি আবারও সামনে আনেন প্রধানমন্ত্রী। বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মুক্তিযুদ্ধের সময় বন্ধুপ্রতিম দেশ ও তাদের জনগণের অবদানের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় তাঁদের অব্যাহত সমর্থন কামনা করেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অব্যাহত অংশগ্রহণ ও সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানমঞ্চে তখন প্রধানমন্ত্রীর পেছনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সেনাকুঞ্জের সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে ইতিহাসের স্মরণ, ব্যক্তিগত আবেগ, সশস্ত্র বাহিনীর মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধির প্রত্যয় এবং রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার—সবই উঠে আসে। তবে সবকিছুকে এক সুতোয় গেঁথেছে একটি চেতনা—‘সবার আগে বাংলাদেশ’।
কালের আলো/এমএএএমকে





-20261121140412.jpg)



-20261121124413.jpg)
-20261121124015.jpg)





-20261119145050.jpg)



