বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে পুয়ের্তো রিকোর মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির সামনে। প্রতিযোগিতাকে ‘ভেরি টাফ’ বললেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি। প্রস্তুতি, পারফরম্যান্স ও দেশবাসীর সমর্থন নিয়ে চূড়ান্ত পর্বে ভালো করার প্রত্যাশা তাঁর।
আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের প্রতিযোগিতার অভিজ্ঞতা জানিয়ে মাহি বলেন, ‘ভেরি টাফ’। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীরা প্রত্যেকেই যোগ্য এবং ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন। তাই শেষ পর্যন্ত কী ঘটবে, তা নিয়ে নিশ্চিত নন তিনি। তবে নিজের পারফরম্যান্সের ওপর আস্থা রাখছেন এই মডেল ও অভিনেত্রী।
অল্প সময়ের প্রস্তুতিতে আন্তর্জাতিক মঞ্চে
এবারের মিস ইউনিভার্সে মাহির যাত্রা শুরু হয়েছে বেশ অল্প সময়ের প্রস্তুতিতে। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। পরদিনই, ৮ নভেম্বর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি।
এত অল্প সময়ে আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ ছিল না। প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করে এমন বড় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হলেও কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তিনি। এ সময় বন্ধু ও সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার সহযোগিতা বিশেষভাবে কাজে এসেছে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মঞ্চে নিজেকে উপস্থাপনের বিভিন্ন বিষয়ে মাহিকে পরামর্শ দিয়েছেন মিথিলা।
জাতীয় পোশাকে তুলে ধরেছেন বাংলার ঐতিহ্য
প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে নজর কেড়েছেন মাহি। ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত এই পর্বে লাল-সাদা রঙের খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি।
বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’—এই ভাবনাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল তাঁর পোশাক।
এতে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরা হয়। পোশাকের পেছনে থাকা বৃত্তাকার শিল্পকর্মে শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর বিভিন্ন ধাপ ফুটিয়ে তোলা হয়েছে। ব্যতিক্রমী এই উপস্থাপনা দেশে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে।
ভোটের অবস্থান ঘিরে প্রত্যাশা
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ। মাহিকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন বাংলাদেশের দর্শকেরা। গত ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি।
তবে ভোটের অবস্থান যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। প্রতিযোগিতায় দর্শকদের ভোটের মাধ্যমে সেরা ৩০-এ সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ থাকায় মাহির অবস্থান ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস খুব দীর্ঘ নয়। ২০১৯ সালে শিরিন আক্তার শিলা এবং ২০২৪ সালে অনিকা আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এরপর ২০২৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা এবং আরও ভালো অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মাহি।
বাংলাদেশ সময় কখন দেখা যাবে ফাইনাল
পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি দেখা যাবে ২৫ নভেম্বর সকাল ৬টায়।
এবারের আয়োজন উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।
অল্প সময়ের প্রস্তুতি, কঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং দেশবাসীর প্রত্যাশা—সবকিছু নিয়েই চূড়ান্ত মঞ্চে নামছেন সামিরা খান মাহি। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য নতুন কোনো সাফল্য এনে দিতে পারেন কি না এই মডেল ও অভিনেত্রী।
কালের আলো/এসএ/জেএন










-20261123121454.jpg)


-20261121140412.jpg)






