একদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, অন্যদিকে দিগন্তজোড়া বালুচর। কোথাও সবুজ ম্যানগ্রোভ বন, কোথাও নদীতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। আবার সৈকতের বালুচরে দল বেঁধে ছুটে বেড়ায় লাল কাঁকড়া। শীতের সকালে জলাভূমিতে নামে অতিথি পাখির দল। প্রকৃতির এমন বৈচিত্র্যময় সৌন্দর্যে ঘেরা ভোলার দক্ষিণাঞ্চলের চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়া সৈকত হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য।
নগরজীবনের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান—এমন ভ্রমণপিপাসুদের জন্য এসব দ্বীপ ও চরাঞ্চলে রয়েছে বিপুল সম্ভাবনা। তবে প্রয়োজনীয় যোগাযোগব্যবস্থা, আবাসন, নিরাপত্তা ও পর্যটকসেবার অভাবে এখনো এলাকাগুলো পর্যটনকেন্দ্র হিসেবে প্রত্যাশিত পরিচিতি পায়নি। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে কক্সবাজার ও কুয়াকাটার বাইরে দেশের পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে বঙ্গোপসাগরঘেঁষা এই জনপদ।
রিসোর্ট স্থাপনের উদ্যোগ
পর্যটন বিকাশে প্রশাসনিক উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢালচর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন বলেন, পর্যটন বিকাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ করা হচ্ছে। তারুয়া, চর কুকরি-মুকরিসহ ঢালচরের দৃষ্টিনন্দন স্থানগুলো পর্যটকেরা যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন, ইতিমধ্যে দুটি রিসোর্ট গড়ে তোলার প্রস্তাব পাওয়া গেছে। এ লক্ষ্যে চরফ্যাশন ও মনপুরার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। রিসোর্ট স্থাপনের জন্য উপযুক্ত জমি নির্বাচনের কাজ চলছে। পাশাপাশি পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অন্যান্য উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়েও কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।
একই ভ্রমণে সাগর, বন ও নদীর সৌন্দর্য
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়ার বিশেষত্ব হলো—একটি ভ্রমণেই সমুদ্র, নদী, বন, জলাভূমি ও গ্রামীণ উপকূলীয় জীবনের বৈচিত্র্য উপভোগের সুযোগ। ট্রলার কিংবা স্পিডবোটে দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছানোর অভিজ্ঞতাও হতে পারে ভ্রমণের বাড়তি আকর্ষণ।
কোথাও বিস্তীর্ণ বালুচর, কোথাও ঘন বনভূমির নীরবতা, আবার কোথাও নদীতে জেলেদের জীবনসংগ্রামের দৃশ্য। বিশেষ করে তারুয়া সৈকতে লাল কাঁকড়ার বিচরণ এ অঞ্চলের অন্যতম আকর্ষণ। সৈকতের বালুচরে কাঁকড়ার ছোটাছুটি আর সাগরের ঢেউয়ের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করতে পারে। শীত মৌসুমে অতিথি পাখির আগমনও এসব এলাকার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে।
প্রকৃতির এই বৈচিত্র্যকে ঘিরে ফটোগ্রাফি, পাখি পর্যবেক্ষণ, নৌভ্রমণ ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ রয়েছে। স্থানীয় সংস্কৃতি ও উপকূলীয় মানুষের জীবনযাত্রা জানার আগ্রহী পর্যটকদের জন্যও অঞ্চলটি হতে পারে ভিন্নধর্মী গন্তব্য।
ইকো-ট্যুরিজমের সম্ভাবনা
বিশ্বজুড়ে প্রকৃতিনির্ভর পর্যটন বা ইকো-ট্যুরিজমের প্রতি আগ্রহ বাড়ছে। কৃত্রিম বিনোদনের বদলে প্রকৃতির কাছাকাছি থাকা, স্থানীয় সংস্কৃতি জানা এবং নাগরিক ব্যস্ততা থেকে দূরে সময় কাটাতে চান অনেক পর্যটক। এ বিবেচনায় ভোলার দক্ষিণাঞ্চল হতে পারে দেশের সম্ভাবনাময় ইকো-ট্যুরিজম অঞ্চল।
পর্যটকদের আকৃষ্ট করতে এখানে পরিবেশবান্ধব রিসোর্ট, হাউসবোট, নির্ধারিত ক্যাম্পিং জোন ও নিরাপদ নৌভ্রমণসেবা গড়ে তোলা যেতে পারে। সৈকতের পাশে তাঁবুতে রাতযাপন, স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ, জেলেদের জীবনযাত্রা কাছ থেকে দেখা কিংবা নদী ও বনে ঘুরে বেড়ানোর ব্যবস্থা পর্যটনের আকর্ষণ বাড়াতে পারে।
উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও জরুরি
তবে পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকায় যাতায়াত অনেকাংশেই নৌযাননির্ভর। তাই নিয়মিত ও নিরাপদ নৌপরিবহন, উন্নত ঘাট, আবহাওয়ার পূর্বাভাস এবং জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
পাশাপাশি পর্যটকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন শৌচাগার, মানসম্মত আবাসন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে সৈকত, বন ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে ভোলার দক্ষিণাঞ্চল দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
কালের আলো/এএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








