দীর্ঘ ১৭ মাসের পথচলা শেষে পর্দা নামতে যাচ্ছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর। খুব শিগগিরই মুক্তি পাবে সিরিজটির শেষ ছয়টি পর্ব। সমাপ্তির আগে ভালোবাসা, কৃতজ্ঞতা ও স্মৃতিচারণায় রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বিপি৫ গ্র্যান্ড ট্রিবিউট নাইট’।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ‘বিপি৫ গ্র্যান্ড ফিনালে’ শিরোনামে জমকালো ও ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরিজটির সমাপ্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন অভিনয়শিল্পী, নির্মাতা, নেপথ্যের কলাকুশলী ও ভক্তরা।
সম্মাননা পেলেন অভিনয়শিল্পী ও নেপথ্যের কারিগররা
একটি সফল সিরিজের পেছনে শুধু পর্দার সামনের অভিনয়শিল্পীদের অবদান থাকে না। ক্যামেরা, লাইট, সাউন্ড, মেকআপসহ বিভিন্ন বিভাগে কাজ করা অসংখ্য মানুষের শ্রমও জড়িয়ে থাকে। তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেই আয়োজন করা হয় এই বিশেষ সন্ধ্যার।
অনুষ্ঠানের মূল পর্বে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর সব অভিনয়শিল্পী ও ব্যাকস্টেজ ক্রুদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পেয়ে পুরো দলের মধ্যে তৈরি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
শুটিংয়ের অজানা গল্পে প্রাণবন্ত সন্ধ্যা
আনুষ্ঠানিক সম্মাননার পাশাপাশি সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল প্যানেল আলোচনা। এতে পরিচালক কাজল আরেফিন অমি ও সিরিজের প্রধান অভিনয়শিল্পীরা শুটিংয়ের নানা মজার ঘটনা, চ্যালেঞ্জ এবং দীর্ঘদিনের পথচলায় গড়ে ওঠা সম্পর্কের অজানা গল্প দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।
ভক্তদের জন্য বিশেষ আয়োজন
অনুষ্ঠানে ‘বিপি৫’ সিজন পাসধারীদের জন্য রাখা হয়েছিল বিশেষ আয়োজন। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক্সক্লুসিভ র্যাফেল ড্র। এর মাধ্যমে ভক্তরা পছন্দের অভিনয়শিল্পীদের সঙ্গে সরাসরি দেখা করা, হাত মেলানো ও কুশল বিনিময়ের সুযোগ পান। র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে তারকাদের পক্ষ থেকে বিশেষ উপহারও তুলে দেওয়া হয়।
নির্মাতার কাছে আবেগের মুহূর্ত
অনুষ্ঠান শেষে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, অভিনয়শিল্পীরা যেমন নিজেদের সর্বোচ্চ দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করেছেন, তেমনি ক্যামেরা, লাইট, সাউন্ড ও মেকআপ বিভাগের কর্মীদের নিরলস পরিশ্রমেই ‘ব্যাচেলর পয়েন্ট’ আজকের অবস্থানে পৌঁছেছে। দর্শকরা পর্দার সামনের মানুষদের চেনেন, কিন্তু নেপথ্যের কারিগররা প্রায়ই আড়ালে থেকে যান। পুরো দলকে একসঙ্গে সম্মান জানানোর এই আয়োজন তাঁর নির্মাতা জীবনের অন্যতম সেরা মুহূর্ত।
সিরিজটির প্রযোজক ও বঙ্গের পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, সিজন ৫-এর বিদায়কে শুধু পর্দার সমাপ্তির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি তাঁরা। যাঁরা সিরিজটির সাফল্যের পেছনে কাজ করেছেন, তাঁদের প্রাপ্য সম্মান দিয়ে এই যাত্রা উদযাপন করাই ছিল আয়োজনের উদ্দেশ্য। পাশাপাশি সিজন পাসধারী ও আগাম বুকিং করা দর্শকদের মধ্য থেকে বিজয়ীদের এই পরিবারের অংশ করতে পেরে আয়োজনটি আরও অর্থবহ হয়েছে।
সিরিজের শেষ ছয়টি পর্ব মুক্তির আগে আয়োজিত এই ট্রিবিউট নাইট অভিনয়শিল্পী, কলাকুশলী ও ভক্তদের জন্য হয়ে থাকল স্মরণীয় এক সন্ধ্যা।
কালের আলো/এসএ/জেএন






-20261123084753.jpg)






-20261121140412.jpg)






