মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বেশ কয়েক মাস ধরে অসুস্থ এই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এবার তাঁর স্বাস্থ্যের কিছুটা স্বস্তির খবর জানালেন চিত্রনায়িকা রোজিনা। তিনি জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন ইলিয়াস কাঞ্চন।
বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় রয়েছেন এই অভিনেতা। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান রোজিনা। সাক্ষাতের পর একসঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। শুধু দেখা করাই নয়, একসঙ্গে বসে খাওয়া-দাওয়াও করেছেন দুই অভিনয়শিল্পী।
ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তাঁর মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাঁকে দেখতে।’
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করলাম। শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’
লন্ডনে চলছে চিকিৎসা
মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় ইলিয়াস কাঞ্চনকে। সেখানে তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা চলেছে।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন তিনি। রোজিনার দেওয়া সর্বশেষ খবর তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি এনে দিতে পারে। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি এই অভিনেত্রী।
কালের আলো/এএএন/জেএন














-20261121140412.jpg)
-20261119145050.jpg)



