অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স নিজের ব্যক্তিগত জীবনের একটি গোপন তথ্য প্রকাশ করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে হাস্যরসের ছলে নিজের এই অস্ত্রোপচারের কথা জানান হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন জেনিফার লরেন্স। সেখানে সঞ্চালক অ্যান্ডি কোহেনের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর স্তনেও ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং সেগুলো বেশ নতুন।
যে প্রশ্নে ফাঁস হলো গোপন তথ্য
অনুষ্ঠানে আলোচনার একপর্যায়ে ভাইরাল হওয়া একটি ঘটনা নিয়ে জেনিফারের মতামত জানতে চান অ্যান্ডি কোহেন। ঘটনাটি ছিল ‘রিয়েল হাউজওয়াইভস অব নিউইয়র্ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর। ছড়িয়ে পড়া সেই খবরে দাবি করা হয়েছিল, এক নারীর স্তনের আঘাতে তাঁর নাক ভেঙেছে।
এ প্রসঙ্গ তুলে ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন জানতে চান, একটি স্তনের আঘাতে কীভাবে কারও নাক ভেঙে যেতে পারে, বিষয়টি তাঁর কাছে রহস্যজনক মনে হয় কি না।
জবাবে জেনিফার বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।’
অভিনেত্রীর এমন মন্তব্যে বিস্মিত হয়ে সঞ্চালক জানতে চান, তিনি সত্যিই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন কি না। হাসতে হাসতে জেনিফার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’
ইমপ্ল্যান্টের আকারও জানালেন অভিনেত্রী
অনুষ্ঠানে নিজের ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার নিয়েও কথা বলেন জেনিফার লরেন্স। সঞ্চালক জানতে চান, তাঁর ইমপ্ল্যান্ট কি বি কাপের? উত্তরে অভিনেত্রী জানান, তাঁর ব্রেস্ট ইমপ্ল্যান্ট পুরো সি কাপের। তবে আগে তাঁর যে আকার ছিল, এখনো সেটিই রয়েছে।
এ সময় অ্যান্ডি কোহেন তাঁর সৌন্দর্যের প্রশংসা করলে ধন্যবাদ জানান অভিনেত্রী। পাশাপাশি ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন তিনি।
রসিকতায় মাতালেন অনুষ্ঠানের দর্শকদের
আলোচনার একপর্যায়ে অ্যান্ডি কোহেন জেনিফারের সংযমের প্রশংসা করেন। তখন রসিকতার ছলে অভিনেত্রী বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলেই ক্যামেরার দিকে তাকিয়ে মজার অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
জেনিফারের এমন অকপট স্বীকারোক্তি ও রসিকতায় অনুষ্ঠানের পরিবেশ বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে বলার ক্ষেত্রেও তাঁর স্বতঃস্ফূর্ত ভঙ্গি দর্শকদের নজর কেড়েছে।
কালের আলো/এসএ/টিসি




-20261121091021.jpg)




-20261121082501.jpg)







-20261119145050.jpg)


