Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৪০ পিএম

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর 

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৪০ পিএম

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর 

ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের অবস্থানে কোনো বিচ্যুতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তবে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে এসব তথ্য জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

  • জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত সরকারের 
  • ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করল এনসিপি
বৈঠকে এনসিপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির পেছনের কারণগুলোও তুলে ধরা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধান সংশোধন কমিটি সংস্কার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার
অন্যদিকে, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই। তিনি বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গণতান্ত্রিক সহাবস্থান ও জাতীয় ঐক্যে গুরুত্ব
এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে মাহদী আমিন বলেন, বৈঠকে গণতান্ত্রিক সরকারব্যবস্থা, রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধের বিষয়গুলো উঠে এসেছে। জুলাই গণ-অভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ ও মতের মানুষ এক হয়েছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানুষের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে সামনে এগিয়ে নিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়ে মাহদী আমিন বলেন, আর্থসামাজিক উন্নয়ন, দেশীয় শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়ে দলগুলোর একমত হওয়া প্রয়োজন। এনসিপির সঙ্গে আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান
পতিত স্বৈরাচারের অপশক্তি যাতে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঐক্যের বিষয়ে কোনো শর্ত দেয়নি এনসিপি
এনসিপির পক্ষ থেকে ঐক্যের বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, আলোচনায় শর্তের বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছে, প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঐক্যকে আরও সুসংহত করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

কালের আলো/জেএন/এমকে 

Link copied!