চাঁদপুরের ফরিদগঞ্জে ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সাহেবগঞ্জ-আলোনিয়া বাজার সড়ক ছয় মাস না যেতেই বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির কারণে এত দ্রুত সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির নামে কার্যাদেশ থাকলেও প্রকল্পের কাজ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন। তিনি চলতি বছরের ৫ জানুয়ারি কাজ শুরু করেন। চার মাসের মধ্যে ৫ মে সংস্কারকাজ শেষ হয়।
ছয় মাসেই উঠে গেছে পিচঢালাই
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ বাজার থেকে সাহেবগঞ্জ বাজার হয়ে তুলাতলি বাজার পর্যন্ত অংশে সংস্কারকাজ করা হয়েছিল। তবে সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। কোথাও উঠে যাওয়া পিচের স্তূপ পড়ে আছে, আবার কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্ত।
সাহেবগঞ্জ বাজারের পর সড়কের কিছু অংশ তুলনামূলক ভালো থাকলেও পরবর্তী অংশের অবস্থা বেশ খারাপ। কয়েক দিন আগে বৃষ্টির সময় এসব খানাখন্দ দিয়ে যানবাহন চলাচলে দুর্ভোগ তৈরি হয়।
স্থানীয়দেরঅভিযোগ,সংস্কারকাজের সময় প্রকৌশলীদের যথাযথ তদারকি ছিল না। এ সুযোগে ঠিকাদারপক্ষ নিজেদের ইচ্ছামতো কাজ শেষ করেছে। ফলে বিপুল সরকারি অর্থ ব্যয়ে সংস্কার করা সড়কটি কয়েক মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
তুলাতলি বাজারের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন বলেন, ‘সড়কটি মেরামতের এক সপ্তাহের মধ্যেই পিচঢালাই উঠতে শুরু করে। সরকার এত টাকা ব্যয় করে সড়কটি সংস্কার করেছে। কাজের সময় একাধিক প্রকৌশলী থাকার পরও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা বোধগম্য নয়।’
তিনি এ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের শনাক্ত করার দাবি জানান।
ভোগান্তিতে চালক ও পথচারীরা
সড়কটিতে নিয়মিত অটোরিকশা চালান রিফাত রহমান। তিনি বলেন, এত অল্প সময়ে সড়কটি ক্ষতিগ্রস্ত হবে, তা কেউ ভাবেননি। প্রথমে কাজটি ভালো হয়েছে বলে মনে হলেও এখন চলাচলের সময় যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কটি যথাযথভাবে সংস্কারের দাবি জানান তিনি।
আরেক অটোরিকশাচালক জাকির হোসেন বলেন, পিচঢালাই উঠে যাওয়ার পর ঠিকাদারপক্ষ এসে বিভিন্ন স্থানে মেরামত করেছিল। কিন্তু কিছুদিন পর আবারও আগের মতো অবস্থা তৈরি হয়েছে।
লাইসেন্স এক প্রতিষ্ঠানের, কাজ করেছেন সাবেক মেয়র
কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার গাজী বলেন, ‘আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন মঞ্জিল হোসেন। অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলতে পারবেন।’
এ বিষয়ে সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সড়কটি সংস্কারের সময় তিনি এ উপজেলায় কর্মরত ছিলেন না। তবে বর্তমান অবস্থা দেখে তাঁর মনে হয়েছে, সংস্কারকাজে কারিগরি ত্রুটি ছিল। বিশেষ করে বিটুমিন প্রয়োগের সময় অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকতে পারে।
তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য বলা হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








