দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে কক্সবাজারের মহেশখালী। দ্বীপটিকে জ্বালানি ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সৃষ্টি হতে পারে প্রায় ২৬ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান। এর মধ্যে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে দেড় লাখ মানুষের এবং পরোক্ষভাবে কাজের সুযোগ তৈরি হবে আরও ২৫ লাখ মানুষের। একই সঙ্গে এ অঞ্চলে ৬০ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। আর দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) যুক্ত হতে পারে প্রায় ১৫০ বিলিয়ন ডলার।
মহেশখালীকে কেন্দ্র করে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি আমদানি ও সংরক্ষণ, গভীর সমুদ্রবন্দর, যোগাযোগ অবকাঠামো, ভারী শিল্প এবং মৎস্যসম্পদভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে নয়টি মেগা প্রকল্পে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মহেশখালী শুধু জ্বালানি সরবরাহের কেন্দ্র নয়, বরং দেশের অন্যতম বড় শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে পরিণত হতে পারে।
গত ৪ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মহেশখালীকে জ্বালানি ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে বিদ্যমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণী সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সারোয়ার আলম সভায় বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনায় বলা হয়, ২০৫৫ সালের মধ্যে তিন ধাপে মহেশখালীকে পূর্ণাঙ্গ জ্বালানি ও অর্থনৈতিক হাবে রূপান্তরের লক্ষ্য রয়েছে।
নয় মেগা প্রকল্পে বদলে যাবে মহেশখালীর অর্থনীতি
মহেশখালীকে কেন্দ্র করে নেওয়া পরিকল্পনায় নয়টি বড় প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম), মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংযোগ সড়ক, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের তৃতীয় ও চতুর্থ ইউনিট, সৌরবিদ্যুৎকেন্দ্র, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল, এলপিজি স্টোরেজ ও স্থলভিত্তিক এলপিজি টার্মিনাল, ধলঘাটা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো এবং ফিশারিজ হারবার স্থাপন।
এসব প্রকল্পের মাধ্যমে মহেশখালীতে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমদানি, সংরক্ষণ, পরিবহন ও শিল্পকারখানায় জ্বালানি ব্যবহারের সমন্বিত অবকাঠামো গড়ে তোলা হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং চালুর লক্ষ্য রয়েছে। অন্যদিকে ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও এর সংযোগ সড়ক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের নতুন ইউনিট, সৌরবিদ্যুৎ এবং এলএনজি ও এলপিজি অবকাঠামোর উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাড়াবে ৬ হাজার মেগাওয়াট
মহেশখালীকে জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য হলো দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো। পরিকল্পনা অনুযায়ী, এসব প্রকল্প বাস্তবায়নের পর ২০৪০ সালের মধ্যে এ অঞ্চল থেকে ৫ হাজার ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ২০৫০ সালের মধ্যে এ সক্ষমতা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ৬০ মেগাওয়াটে।
এ লক্ষ্যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ইতোমধ্যে ১২০০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু রয়েছে।
এ ছাড়া আরও ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের যাচাই-বাছাই কমিটিতে সুপারিশ পেয়েছে। বিষয়টি নিয়ে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন বলে সভায় জানানো হয়।
অন্যদিকে ৭০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য পাঠানো হয়েছে। এ প্রকল্পে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নের বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে নিশ্চয়তা পাওয়া গেছে। অর্থাৎ কয়লাভিত্তিক বিদ্যুতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর উদ্যোগও রয়েছে পরিকল্পনায়।
ডিসেম্বরে চালু হতে পারে সিঙ্গেল পয়েন্ট মুরিং
মহেশখালীর জ্বালানি অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)। প্রায় ৮ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের মাধ্যমে সমুদ্রপথে আসা অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ইস্টার্ন রিফাইনারিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে জ্বালানি তেল খালাস ও পরিবহনে যে সময় ও ব্যয় হয়, এসপিএম চালু হলে তা কমানো সম্ভব হবে। এর ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য রয়েছে।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রকল্পটি দ্রুত চালুর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য অর্জনে এসপিএম দ্রুত চালু করতে হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিনিধি সভায় জানান, প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়েছে। অপারেটর নিয়োগের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি চালু হলে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনে সময় কমার পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দক্ষতা বাড়বে। একই সঙ্গে আমদানি করা জ্বালানি দ্রুত ও তুলনামূলক কম খরচে পরিশোধনাগারে পৌঁছানো সম্ভব হবে।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাণিজ্যের নতুন সম্ভাবনা
মহেশখালীকে অর্থনৈতিক হাবে রূপান্তরের পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর একটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। এ বন্দরকে ঘিরে দেশের আমদানি-রপ্তানি, শিল্পায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে বন্দর প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্রেকওয়াটার, প্রবেশ চ্যানেল, বেসিন এবং কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ চলছে।
বন্দরের সঙ্গে জাতীয় মহাসড়কের যোগাযোগ প্রতিষ্ঠায় ২৭ কিলোমিটার দীর্ঘ পোর্ট অ্যাকসেস রোড নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় এ সড়কটি এন-১ মহাসড়কের সঙ্গে বন্দরের সংযোগ স্থাপন করবে।
গভীর সমুদ্রবন্দর চালু হলে বড় জাহাজে পণ্য পরিবহন, কনটেইনার ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের সক্ষমতা বাড়তে পারে। পাশাপাশি বন্দরকেন্দ্রিক গুদাম, পরিবহন, লজিস্টিকস, শিল্প ও সেবা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
এলএনজি ও এলপিজি অবকাঠামোয় বড় বিনিয়োগের পরিকল্পনা
দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মহেশখালীতে এলএনজি ও এলপিজি অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ অন্যতম।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান সভায় জানান, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অনুমোদন নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
এ ছাড়া স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব অবকাঠামো বাস্তবায়িত হলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি, সংরক্ষণ ও সরবরাহের সক্ষমতা বাড়বে।
অন্যদিকে এলপিজি খাতেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বিপিসির প্রতিনিধি জানান, মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন প্রায় ৫১ একর জমিতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে বছরে প্রায় ২০ লাখ টন এলপিজি হ্যান্ডলিং সক্ষমতা তৈরি হবে।
এ ধরনের অবকাঠামো গড়ে উঠলে জ্বালানি আমদানি ও বিতরণব্যবস্থায় সক্ষমতা বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল ও ব্লু-ইকোনমিতে গুরুত্ব
মহেশখালীকে শুধু বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এ পরিকল্পনার উদ্দেশ্য নয়। এর সঙ্গে শিল্পায়ন, ভারী শিল্প, লজিস্টিকস এবং সমুদ্রসম্পদভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকেও যুক্ত করা হচ্ছে।
পরিকল্পনায় ধলঘাটা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণের বিষয়টি রয়েছে। সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ভারী শিল্পকারখানা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে শিল্পের কাঁচামাল সরবরাহ, পণ্য উৎপাদন এবং রপ্তানিমুখী শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে ফিশারিজ হারবার ও মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সামুদ্রিক মাছ আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণে নতুন সক্ষমতা তৈরি হতে পারে।
বিশেষ করে মৎস্যসম্পদভিত্তিক শিল্প গড়ে উঠলে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান বাড়ার পাশাপাশি রপ্তানির নতুন ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৬ লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা
মহেশখালীকে জ্বালানি ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার সবচেয়ে বড় সম্ভাবনার একটি হলো কর্মসংস্থান সৃষ্টি। সমীক্ষার তথ্য অনুযায়ী, পুরো পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৬ লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
এর মধ্যে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের। অন্যদিকে নির্মাণ, পরিবহন, সরবরাহ, ব্যবসা-বাণিজ্য, সেবা, শিল্পকারখানা এবং সংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরোক্ষভাবে কাজের সুযোগ তৈরি হবে প্রায় ২৫ লাখ মানুষের।
এতে মহেশখালী ও আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় পরিবর্তন আসতে পারে। স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধি এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।
তবে এ কর্মসংস্থানের সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় জনগোষ্ঠীকে দক্ষ করে তোলা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং নতুন শিল্পে স্থানীয় শ্রমশক্তির অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।
৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ, জিডিপিতে যুক্ত হবে ১৫০ বিলিয়ন ডলার
মহেশখালী উন্নয়ন পরিকল্পনার অর্থনৈতিক সম্ভাবনাও বেশ বড়। সংশ্লিষ্ট সমীক্ষা অনুযায়ী, এ অঞ্চলে ৬০ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আসতে পারে। একই সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের মোট দেশজ উৎপাদনে প্রায় ১৫০ বিলিয়ন ডলার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া উন্নত বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর কারণে প্রায় ৪ বিলিয়ন ডলার সমপরিমাণ লজিস্টিকস ব্যয় কমানোর লক্ষ্য রয়েছে। পণ্য পরিবহন ও সরবরাহে সময় কমে এলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়তে পারে।
শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে (বিওপি) ১৬ থেকে ১৮ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়ের সম্ভাবনার কথাও পরিকল্পনায় তুলে ধরা হয়েছে।
অর্থাৎ এ উদ্যোগ শুধু নতুন বিদ্যুৎকেন্দ্র বা বন্দর নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্বালানি আমদানি, শিল্প উৎপাদন, পণ্য পরিবহন, রপ্তানি এবং বৈদেশিক লেনদেনের ওপরও ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্য রয়েছে।
২০৫৫ সালের মধ্যে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
মহেশখালীকে পূর্ণাঙ্গ জ্বালানি ও অর্থনৈতিক হাবে পরিণত করতে ২০৫৫ সাল পর্যন্ত তিন ধাপে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।
এ পরিকল্পনার আওতায় গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস হাব, যোগাযোগ ও রেল নেটওয়ার্ক, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ভারী শিল্প এবং ব্লু-ইকোনমিভিত্তিক মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে।
এভাবে বিভিন্ন খাতকে একই অর্থনৈতিক কাঠামোর আওতায় আনতে পারলে মহেশখালীতে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ডের একটি সমন্বিত কেন্দ্র তৈরি হতে পারে।
সব মিলিয়ে মহেশখালীকে ঘিরে নেওয়া পরিকল্পনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে ২৬ লাখ ৫০ হাজার কর্মসংস্থান, ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং জিডিপিতে ১৫০ বিলিয়ন ডলার যুক্ত হওয়ার লক্ষ্য অর্জন নির্ভর করবে প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়ন, অর্থায়ন, পরিবেশগত সুরক্ষা এবং সমন্বিত ব্যবস্থাপনার ওপর। পরিকল্পনার প্রতিটি প্রকল্প বাস্তবে কতটা এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।
কালের আলো/এসএ/এএএন











-20261121140412.jpg)







