গোপালগঞ্জে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ কিছু সুপারিশ দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র ও গোলাবারুদ লুট, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। সামনের দিনগুলোতে আরও ব্যাপক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা করছে সংস্থাটি।
- সরকারকে বিশেষ গোয়েন্দা সংস্থার সুপারিশ
- চার জেলায় পৃথক পরিকল্পনা
- চেকপোস্ট ও বিজিবির ক্যাম্প স্থাপনের প্রস্তাব
- লুট হওয়া অস্ত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা
এ পরিস্থিতিতে গোপালগঞ্জের পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সহিংসতায় অংশ নিতে পার্শ্ববর্তী জেলা থেকে লোকজনের অনুপ্রবেশ ঠেকাতে নৌপথে গোপালগঞ্জে প্রবেশের ক্ষেত্রে যাতায়াত নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ প্রবেশপথে দৃশ্যমান চেকপোস্ট স্থাপন, মোবাইল প্যাট্রোলিং ও নৌ-টহল বাড়ানোর সুপারিশ রয়েছে। একই সঙ্গে থানা পর্যায়ে বিজিবির ক্যাম্প স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের কথা বলা হয়েছে।
বিশেষ উদ্বেগের বিষয় হিসেবে প্রতিবেদনে উঠে এসেছে টুঙ্গিপাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ। এসব অস্ত্র যাতে পার্শ্ববর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নিয়মিত নজরদারি ও নিরাপত্তা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চার জেলায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা
গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, গোপালগঞ্জের সহিংসতা পার্শ্ববর্তী জেলাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এ জন্য গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
নৌপথে গোপালগঞ্জে প্রবেশের ক্ষেত্রে যাতায়াত নিয়ন্ত্রণকে অত্যাবশ্যক হিসেবে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে নিয়মিত দৃশ্যমান চেকপোস্ট, মোবাইল প্যাট্রোলিং, নৌ-টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ যাতে অন্য জেলায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
থানা পর্যায়ে বিজিবির ক্যাম্প স্থাপনের সুপারিশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পর্যায়ে বিজিবির ক্যাম্প স্থাপন এবং মোতায়েন করা সদস্যদের দৃশ্যমান টহল বাড়ানোর সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থাটি। দায়িত্ব পালনের সময় এক ইউনিটের সদস্যদের সঙ্গে অন্য ইউনিটের সদস্যদের মিশিয়ে না দিয়ে পৃথকভাবে মোতায়েনের পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলা ও তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের সক্ষমতা বাড়াতে পুলিশ সুপারকে প্রচলিত আইন ও বিধিবিধানের আওতায় তাঁর আইনি ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে প্রয়োগের সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জে যারা সহিংসতা চান না, এমন স্থানীয় ব্যক্তিদের পরিস্থিতি স্বাভাবিক করার কাজে সম্পৃক্ত করার পরামর্শ রয়েছে। আওয়ামী লীগের সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের সুপারিশও করা হয়েছে।
থানা থেকে অস্ত্র লুট, ধারাবাহিক হামলা
গোয়েন্দা প্রতিবেদনে ২৪ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে সংঘটিত ধারাবাহিক সহিংসতার বিবরণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২৪ অক্টোবর গোপালগঞ্জ সদর থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
১৫ নভেম্বর টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আওয়ামী লীগের ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১৭ নভেম্বর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৩০ থেকে ৪০ হাজার মানুষ জড়ো হয়ে বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এদিন টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা কম্পাউন্ডে থাকা পুলিশের আটটি যানবাহন, আটটি মোটরসাইকেল ও থানার নথিপত্র পুড়ে যায়। একই সময়ে থানার অস্ত্রাগার থেকে অস্ত্র, গোলাবারুদসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। হামলায় আট পুলিশ সদস্য আহত হন।
একই দিন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ১৮ নভেম্বর কাশিয়ানী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
১৯ নভেম্বর কোটালীপাড়ার বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা স্ট্যান্ডে ঢাকা থেকে গোপালগঞ্জগামী এসআরবি পরিবহনের ৮ থেকে ১০টি গাড়ির বহরে হামলা চালানো হয়। এতে চারটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। একই দিনে কাশিয়ানীর মাঝিগাতি গ্রামে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিন মুকসুদপুর থানায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের ২০ থেকে ২২ হাজার নেতাকর্মী থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। থানার তিনটি পরিত্যক্ত গাড়ি, একটি লোকাল বাস, ওসির সরকারি গাড়ি এবং পুলিশের পিকআপ পুড়িয়ে দেওয়া হয়। ওসির বাসভবনে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়। একই দিন কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমানের দোকান ও বসতবাড়িতেও হামলা চালানো হয়।
বাড়িঘরে হামলা ও যৌন সহিংসতার আশঙ্কা
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জে আওয়ামী লীগের নির্দিষ্ট কোনো নেতা না থাকায় আন্দোলন ও সহিংসতা বিভিন্ন পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যেসব বাড়িতে স্বর্ণালংকার ও নগদ অর্থ রয়েছে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এমনকি গণধর্ষণের মতো গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
সহস্রাধিক পুলিশ মোতায়েন, তবু উদ্বেগ
শিগোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পাশাপা ১৬ প্লাটুন এপিবিএন, ২১ প্লাটুন বিজিবি, আট প্লাটুন আনসার এবং এসআরবিসহ বিভিন্ন ইউনিট থেকে অতিরিক্ত সহস্রাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এরপরও পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতের হামলার পর টুঙ্গিপাড়ায় কার্যত কোনো পুলিশি কার্যক্রম নেই।
বলা চলে, গোপালগঞ্জে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দ্রুত সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে গোয়েন্দা সংস্থাটি। চার জেলায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা, নৌপথে নজরদারি, বিজিবির টহল, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থা এবং পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
কালের আলো/জেএন/এমকে










-20261121091021.jpg)





-20261119145050.jpg)



