Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১২:৫৬ পিএম

মহাকাশেও কি শুরু হচ্ছে রাশিয়া-ন্যাটোর সংঘাত?

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১২:৫৬ পিএম

মহাকাশেও কি শুরু হচ্ছে রাশিয়া-ন্যাটোর সংঘাত?

মহাকাশ থেকে আসা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো। রাশিয়া পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন খবর প্রকাশের পর জোটটির মহাসচিব মার্ক রুতে এ অবস্থানের কথা জানান। জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া এ ধরনের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকাশিত এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

বিষয়টি ঘিরে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পৃথিবীর কক্ষপথে থাকা যোগাযোগ, নজরদারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় ন্যাটো নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা পর্যালোচনা ও প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করার কথাও জানিয়েছে।

৬০ দিনের মধ্যে উৎক্ষেপণের আশঙ্কা
জার্মান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, চলতি মাসে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একটি গোয়েন্দা প্রতিবেদন আদান-প্রদান হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া আগামী ৬০ দিনের মধ্যে অস্ত্রবাহী একটি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারে। তবে কোন দেশ এ গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনগুলোতে সম্ভাব্য রুশ স্যাটেলাইটটির নাম উল্লেখ করা হয়েছে ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড থাকার কথা বলা হয়েছে। এর মাধ্যমে যোগাযোগ ও নজরদারির কাজে ব্যবহৃত স্যাটেলাইটসহ মহাকাশে থাকা অন্যান্য কৃত্রিম উপগ্রহ অকেজো বা ধ্বংস করার সক্ষমতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ধরনের অস্ত্র মহাকাশে মোতায়েন করা হলে তা শুধু কোনো একটি দেশের জন্য নয়, বরং বৈশ্বিক যোগাযোগ ও নিরাপত্তাব্যবস্থার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। কারণ আধুনিক বিশ্বে ইন্টারনেট, টেলিযোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, নৌ ও বিমান চলাচল এবং সামরিক নজরদারিসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম স্যাটেলাইটের ওপর নির্ভরশীল।

যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো
বার্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুতে বলেন, জোটের সদস্যদেশগুলোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের নিরাপত্তাও এ প্রতিশ্রুতির আওতায় রয়েছে।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর হাতে বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থা রয়েছে। জোটটি নিয়মিত নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা মূল্যায়ন করে এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করে।

রুতের বক্তব্যে স্পষ্ট হয়েছে, মহাকাশকে এখন শুধু গবেষণা কিংবা যোগাযোগের ক্ষেত্র হিসেবে দেখছে না ন্যাটো। বরং সামরিক নিরাপত্তা ও কৌশলগত প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনা করছে জোটটি।

রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার মস্কোর
তবে মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এ বিষয়ে প্রকাশিত কোনো সংবাদ তিনি দেখেননি। অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোকে গুরুত্ব দেওয়ার মতো নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও জার্মান সংবাদমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এ ধরনের প্রতিবেদন অপপ্রচার।

অন্যদিকে সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিবের পাশে উপস্থিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রাশিয়ার পরিকল্পনার খবর নিশ্চিত কিংবা অস্বীকার করেননি। তবে তিনি বলেন, এসব খবর থেকে বোঝা যায়, উত্তেজনা কোন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত রাশিয়া।

মের্ৎস আরও বলেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র নেওয়ার পরিকল্পনা করছে—এমন খবর নতুন নয়। বিষয়টি উদ্বেগজনক। এর আগে জার্মান সরকারের এক মুখপাত্রও প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত বা অস্বীকার না করে জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

মহাকাশে অস্ত্র নিষিদ্ধের আন্তর্জাতিক চুক্তি
মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালে স্বাক্ষরিত ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। রাশিয়াও এ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ।

তবে মহাকাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ প্রতিপক্ষের স্যাটেলাইট লক্ষ্যবস্তু করার মতো সক্ষমতা যাচাই করেছে বা এ ধরনের অস্ত্র উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। ফলে মহাকাশের সামরিকীকরণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেডযুক্ত স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। সে সময় মস্কো এ অভিযোগ অস্বীকার করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তখন বলেছিলেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরোধী।

মহাকাশ নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
বিশেষজ্ঞদের কাছে মহাকাশে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য উপস্থিতি উদ্বেগের বিষয় হওয়ার অন্যতম কারণ হলো, একটি স্যাটেলাইট অকার্যকর হয়ে পড়লে তার প্রভাব বহু দেশের ওপর ছড়িয়ে পড়তে পারে। সামরিক যোগাযোগের পাশাপাশি বেসামরিক যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বৈশ্বিক অবস্থান নির্ণয়ব্যবস্থাও এতে বিঘ্নিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

তবে রাশিয়ার সম্ভাব্য উৎক্ষেপণ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা এখনো নিশ্চিত নয়। মস্কো অভিযোগ প্রত্যাখ্যান করেছে, আর ন্যাটো বলছে, মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত।

এ অবস্থায় রাশিয়ার প্রকৃত পরিকল্পনা কী এবং মহাকাশে অস্ত্র মোতায়েনের আশঙ্কা কতটা বাস্তব—তা নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন পরবর্তী ঘটনাপ্রবাহের দিকে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!