চার দশকের বেশি সময় ধরে গানের জাদুতে কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করে রেখেছেন নগর বাউলখ্যাত রক তারকা জেমস। এবার সংগীতজীবনে পাওয়া মানুষের ভালোবাসার প্রতিদান দিতে নতুন উদ্যোগ নিচ্ছেন তিনি। নিজের নামে ‘জেমস ফাউন্ডেশন’ গড়ে সংগীতকর্ম সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করেছেন এই শিল্পী।
ফাউন্ডেশনটির মাধ্যমে জেমসের গান ও সৃষ্টিশীল কাজ সংরক্ষণ করা হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে নানা সামাজিক কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের যাত্রা শুরু হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল। বর্তমানে তা বাস্তবায়নের প্রাথমিক কাজ এগিয়ে চলছে। নিবন্ধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গান সংরক্ষণের পাশাপাশি সামাজিক উদ্যোগ
ফাউন্ডেশনের লক্ষ্য সম্পর্কে রবিন ঠাকুর বলেন, দেশের মানুষ নগর বাউল জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেমসের গান ও সৃষ্টিশীল কাজ যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই কাজ করবে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। তবে উদ্যোগটি এখনো প্রাথমিক পর্যায়ে। কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
ফিলিংস থেকে নগর বাউল
আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর নিজস্ব গায়কী, সুর ও পরিবেশনার মাধ্যমে ধীরে ধীরে দেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি।
শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও রয়েছে তাঁর অসংখ্য ভক্ত-শ্রোতা। চার দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করেও মঞ্চে সমান দাপটে গান গেয়ে যাচ্ছেন এই শিল্পী। এবার সংগীতের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও নিজের সৃষ্টিকর্ম সংরক্ষণে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নগর বাউল জেমস।
কালের আলো/আরএস/জেএন














-20261121140412.jpg)
-20261119145050.jpg)



