Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:০৪ পিএম

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘শিবগামী’ রাম্যা কৃষ্ণন

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:০৪ পিএম

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘শিবগামী’ রাম্যা কৃষ্ণন

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাম্যা কৃষ্ণন। ‘বাহুবলী’ সিনেমায় শিবগামী দেবী চরিত্রে অভিনয় করে নতুন করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী এবার মুখ খুলেছেন চলচ্চিত্রজগতের অন্যতম বিতর্কিত বিষয় ‘কাস্টিং কাউচ’ নিয়ে। তাঁর মতে, সিনেমা জগতে যৌন শোষণ বা কাস্টিং কাউচ নতুন কোনো ঘটনা নয়। আগে যেমন ছিল, এখনো তেমনই রয়েছে। আর এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি শুধু নারীরাই হন না, নারী-পুরুষ নির্বিশেষে সবাই এর শিকার হতে পারেন।

সম্প্রতি ‘র টকস উইথ ভিকে’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন রাম্যা। সেখানে কাস্টিং কাউচ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা তুলে ধরেন তিনি। অভিনেত্রীর বক্তব্য, চলচ্চিত্রশিল্পে যৌন শোষণের ঘটনা ঘটে না—এমন দাবি করার কোনো সুযোগ নেই।

কাস্টিং কাউচ নিয়ে স্পষ্ট বক্তব্য
পডকাস্টে রাম্যা বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশেও যৌন কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। যেখানে নারীরা অনেক বেশি স্বাধীন ও এগিয়ে, সেখানেও ‘এপস্টেইন ফাইলস’-এর মতো ঘটনা সামনে এসেছে। ফলে আমাদের এখানে এ ধরনের কিছু ঘটে না, এমনটা বলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘জোর করে হোক বা পরিস্থিতির চাপে, এটি ঘটছে এবং কেউ তা অস্বীকার করতে পারবে না।’ তাঁর মতে, চলচ্চিত্রশিল্প গ্ল্যামারনির্ভর হওয়ায় এ ধরনের ঘটনা নিয়ে আলোচনা বেশি হয়। তবে যৌন শোষণ বা অনৈতিক চাপ শুধু বিনোদনজগতেই সীমাবদ্ধ নয়। করপোরেট প্রতিষ্ঠানসহ সাধারণ কর্মক্ষেত্রেও নারী ও পুরুষ উভয়কেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

তবে সময়ের সঙ্গে পরিস্থিতির কিছু পরিবর্তন এসেছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, এখন শিল্পীদের নিজেদের অবস্থান স্পষ্ট করার এবং অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে ‘না’ বলার স্বাধীনতা আগের তুলনায় বেড়েছে।

আগের দিনের শুটিং সেটে ছিল নানা দুর্ভোগ
কাস্টিং কাউচের পাশাপাশি আশির ও নব্বইয়ের দশকে চলচ্চিত্রের শুটিং সেটে নারী অভিনয়শিল্পীদের নানা অসুবিধার কথাও তুলে ধরেন রাম্যা কৃষ্ণন। তিনি জানান, সে সময় শুটিংয়ের জায়গায় শিল্পীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছিল না। ছিল না ক্যারাভান কিংবা ভালো ওয়াশরুমের ব্যবস্থা। এমনকি পোশাক পরিবর্তনের জন্যও উপযুক্ত জায়গা পাওয়া যেত না।

রাম্যার বর্ণনা অনুযায়ী, প্রাকৃতিক কাজ সারার জন্য অনেক সময় অভিনেত্রীদের অ্যাম্বাসেডর গাড়ির দরজা বন্ধ করে ভেতরে বোতল ব্যবহার করতে হতো। শুটিংয়ের ব্যস্ততার মধ্যে সময় বাঁচাতে অনেক অভিনেত্রীকে নিজের মেকআপও নিজেকেই করতে হতো।

অভিনেত্রীর মতে, বর্তমান প্রজন্মের শিল্পীরা আগের তুলনায় অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। আধুনিক শুটিং সেট, ক্যারাভান, পোশাক পরিবর্তনের জায়গা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা তাঁদের কাজকে অনেক সহজ করেছে। এসব সুবিধা পাওয়ায় নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের তিনি ভাগ্যবান বলেও মন্তব্য করেন।

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রাম্যা
দীর্ঘ অভিনয়জীবনে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়সহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন। তবে ‘বাহুবলী’ সিরিজে শিবগামী দেবী চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছেও বিশেষ পরিচিতি পান তিনি।

সম্প্রতি রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সামনে তাঁকে দেখা যাবে ‘রাকা’, ‘শ্রী শ্রী’ ও ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’সহ একাধিক বড় বাজেটের সিনেমায়। নতুন কাজের ব্যস্ততার মধ্যেই চলচ্চিত্রশিল্পের অস্বস্তিকর বাস্তবতা নিয়ে তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!