মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এদিন হাজিরা শেষে গত ৫ নভেম্বর সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনা নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, একজন সাংবাদিক তাঁকে স্পর্শ করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তিনি ওই কথা বলেছিলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনি বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক”। তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি কর আমার সঙ্গে! আমি তো ছয় বছর ধরে আদালতে যাতায়াত করছি, কেউ বলতে পারবেন কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার হয়েছে। কেউ পারবে না।’
নিজের আচরণের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লাগছে।’ অর্থাৎ, সাংবাদিক পরিচয় দেওয়ার আগে ওই ব্যক্তির স্পর্শে তিনি ব্যথা পেয়েছেন বলে দাবি করেন পরীমনি।
২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি
আদালত সূত্রে জানা গেছে, শুরুতে মামলাটির বিচার কার্যক্রম চলছিল ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে। গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নতুন বিধানের কারণে গত ৯ নভেম্বর মামলাটি সিএমএম আদালতে স্থানান্তর করা হয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির হন পরীমনি। সেখানে তাঁকে জানানো হয়, মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
যেভাবে শুরু হয় মাদক মামলা
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটিতে পরীমনির পাশাপাশি তাঁর ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারকেও আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই অভিযানে মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
হাইকোর্টে আবেদন, স্থগিত হয় কার্যক্রম
মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেছিলেন। তবে অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি।
২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন এবং পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালতের নির্দেশনার পর মামলাটির অভিযোগ গঠনের আদেশ পুনরায় দেওয়ার বিষয়টি সামনে আসে। এখন নতুন করে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই মামলার আইনি প্রক্রিয়ার মধ্যেই সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিরোধ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন পরীমনি।
কালের আলো/এসএ/জেএন
