গত কয়েক মাস ধরেই অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং নতুন সম্পর্কে জড়ানোর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে এত দিন নীরব ছিলেন অভিনেত্রী। অবশেষে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন। তবে সেই সম্পর্ক কোনো মানুষের সঙ্গে নয়, বরং তাঁর পোষা প্রাণী লিলির সঙ্গে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সাবিলা। বিচ্ছেদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও নতুন সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে মজার ছলে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। সাবিলা বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।’
অভিনেত্রীর এমন মন্তব্যে তাঁর নতুন সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জল্পনার ভিন্ন ব্যাখ্যা পাওয়া গেছে। ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি আলোচনায় না গিয়ে রসিকতার মাধ্যমে বিষয়টি সামলেছেন তিনি। তবে বিচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি সাবিলা।
সিনেমায় ব্যস্ততা বাড়ছে সাবিলার
গত বছর থেকে বড় পর্দায় নিয়মিত হওয়ার দিকে মনোযোগ দিয়েছেন সাবিলা নূর। তাঁর প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এরপর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ‘কানাভুলা প্যারাডক্স’ নামের সিনেমাটির গল্প ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছেন তিনি। সাবিলার মতে, সিনেমায় নিয়মিত কাজ করার চেয়ে তাঁর কাছে গল্পের গুরুত্ব বেশি। ভালো গল্প ও চরিত্র পেলেই কাজ করতে আগ্রহী তিনি।
নতুন এই সিনেমার মাধ্যমে আবারও অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এবার ‘কানাভুলা প্যারাডক্স’-এ তাঁদের জুটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হতে যাচ্ছে। সিনেমাটির প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
হরর সিনেমা দেখে নিচ্ছেন প্রস্তুতি
নতুন সিনেমার চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সিনেমা দেখছেন সাবিলা। বিশেষ করে হরর সিনেমার প্রতি তাঁর আলাদা আগ্রহ রয়েছে। সম্প্রতি তিনি দেখেছেন ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’। অভিনয়ের প্রস্তুতির পাশাপাশি বই পড়ার অভ্যাসও ধরে রেখেছেন এই অভিনেত্রী। ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী সাবিলার ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে।
সম্প্রতি জন স্টেইনবেকের উপন্যাস ‘ইস্ট অব ইডেন’ আবার পড়ছেন তিনি। উপন্যাসটি অবলম্বনে সামনে সিনেমা আসছে। বইয়ের গল্প ও পর্দায় তার উপস্থাপনার পার্থক্য বুঝতেই নতুন করে উপন্যাসটি পড়ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
ছোট পর্দায় ফেরার পরিকল্পনা আছে
টেলিভিশন নাটকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেলেও আপাতত ছোট পর্দায় অনিয়মিত সাবিলা নূর। দুই বছরের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন না তিনি। তবে নাটক থেকে পুরোপুরি সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে আবারও ছোট পর্দায় কাজ করতে পারেন এই অভিনেত্রী।
সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও কাজের ক্ষেত্রেও ব্যস্ততা বাড়াচ্ছেন সাবিলা। বড় পর্দায় নতুন সিনেমা, অভিনয়ের প্রস্তুতি এবং বই পড়া—সবকিছু মিলিয়ে সময় কাটছে তাঁর।
কালের আলো/এসএ/ইএকে
