একসময় তরুণীদের স্বপ্নের পুরুষ ছিলেন তিনি। পর্দায় রহস্যময় চোখের চাহনি, মায়াবী হাসি আর অতিপ্রাকৃত আকর্ষণে মুগ্ধ করেছিলেন বিশ্বের অসংখ্য দর্শককে। স্টেফানি মেয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে রাতারাতি আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। তখন তাঁকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল মূলত রোমান্টিক নায়ক হিসেবে। অনেকের ধারণা ছিল, এই পরিচয়ের বাইরে বেরিয়ে আসা তাঁর জন্য কঠিন হবে।
কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলে দিয়েছেন প্যাটিনসন। ভ্যাম্পায়ারের প্রেমিক থেকে শুরু করে অপরাধজগতের অস্থির এক যুবক, মানসিকভাবে বিপর্যস্ত বাতিঘরের কর্মী কিংবা মহাকাশ অভিযানে পাঠানো বন্দী—বিচিত্র সব চরিত্রে অভিনয় করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। বড় বাজেটের বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেছে নিয়েছেন স্বাধীন ও নির্মাতানির্ভর চলচ্চিত্র। এমনকি সুপারহিরো ব্যাটম্যানের চরিত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও বড় এক অধ্যায়—জেমস বন্ড।
১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ড্যানিয়েল ক্রেগের পর সপ্তম অভিনেতা হিসেবে ০০৭ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। বন্ড সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। ফলে একসময় যাঁকে কিশোরীদের হৃদয়জয়ী ভ্যাম্পায়ার হিসেবেই আটকে রাখতে চেয়েছিল জনপ্রিয় সংস্কৃতি, সেই অভিনেতাই এখন হলিউডের অন্যতম আলোচিত ও বহুমাত্রিক শিল্পী।
শুরুটা ‘হ্যারি পটার’ দিয়ে, বিশ্বজোড়া পরিচিতি ‘টোয়ালাইট’
১৯৮৬ সালের ১৩ মে লন্ডনের বার্নস এলাকায় জন্ম রবার্ট ডগলাস টমাস প্যাটিনসনের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলের নাটকে অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন থিয়েটার দলের সঙ্গেও। কৈশোরে মঞ্চে কাজ করতে করতেই অভিনয়জগতে পেশাদারভাবে প্রবেশের সুযোগ পান।
২০০৪ সালে ‘ভ্যানিটি ফেয়ার’ সিনেমায় অভিনয় করলেও ছবিটির চূড়ান্ত সংস্করণে তাঁর উপস্থিতি শেষ পর্যন্ত রাখা হয়নি। পরের বছর ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। হ্যারি পটারের সহপাঠী, সুদর্শন ও মেধাবী তরুণ সেড্রিক চরিত্রে তাঁর অভিনয় অনেকের মনে জায়গা করে নেয়।
তবে বিশ্বজোড়া পরিচিতি আসে ২০০৮ সালে। স্টেফানি মেয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিনেমায় এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয়ের সুযোগ পান প্যাটিনসন। গল্পে এডওয়ার্ড একজন ভ্যাম্পায়ার, যে প্রেমে পড়ে সাধারণ মানবী বেলা সোয়ানের। রহস্য, বিষণ্নতা, রোমান্টিকতা ও বিপজ্জনক আকর্ষণের মিশেলে তৈরি চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে তাঁর অভিনয় তরুণ দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করে। প্রথম সিনেমার সাফল্যের পর একে একে নির্মিত হয় সিরিজের আরও চারটি পর্ব। পাঁচটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী আয় করে তিন বিলিয়ন ডলারের বেশি। প্যাটিনসনও পরিণত হন আন্তর্জাতিক তারকায়। তাঁর চেহারা, পোশাক, চুলের ধরন থেকে শুরু করে সাক্ষাৎকার—সবকিছুই তখন বিনোদন সংবাদমাধ্যমের আলোচনার বিষয় হয়ে ওঠে।
ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পর্দার প্রেম বাস্তব জীবনেও আলোচনার জন্ম দেয়। তাঁদের সম্পর্ক, বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে ট্যাবলয়েড সংবাদমাধ্যমের আগ্রহ ছিল তুঙ্গে। তবে বিপুল জনপ্রিয়তার মধ্যেও বিষয়টি সব সময় স্বস্তিদায়ক ছিল না প্যাটিনসনের জন্য। তাঁর অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও তারকাখ্যাতিই যেন বেশি গুরুত্ব পেতে থাকে। এডওয়ার্ড কালেনের পরিচয়ের বাইরে বেরিয়ে আসার তাগিদও সম্ভবত সেখান থেকেই আরও প্রবল হয়।
তারকাখ্যাতির বদলে কঠিন চরিত্রের খোঁজে
‘টোয়ালাইট’ সিরিজ শেষ হওয়ার পর চাইলে সহজেই রোমান্টিক নায়ক হিসেবে হলিউডে নিজের অবস্থান পাকা করতে পারতেন প্যাটিনসন। বড় বাজেটের সিনেমায় অভিনয়, জনপ্রিয় তারকাদের সঙ্গে জুটি বাঁধা কিংবা একই ধরনের চরিত্রে বারবার ফিরে আসার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু তিনি বেছে নেন ভিন্ন পথ।
২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেখানে তাঁর চরিত্র একজন তরুণ ধনকুবেরের। নিউইয়র্ক শহরের ভেতর লিমুজিনে বসে থাকা অবস্থায় অর্থ, ক্ষমতা, জীবন ও অস্তিত্বের সংকট এক অদ্ভুত মানসিক যাত্রায় রূপ নেয়। এডওয়ার্ড কালেনের রোমান্টিক আবহ থেকে সম্পূর্ণ আলাদা ছিল চরিত্রটি।
এরপর ২০১৫ সালে ‘কুইন অব দ্য ডেজার্ট’ এবং ২০১৬ সালে জেমস গ্রের ‘দ্য লস্ট সিটি অব জেড’ সিনেমায় অভিনয় করেন। বিশেষ করে ‘দ্য লস্ট সিটি অব জেড’ ছবিতে তাঁকে দেখা যায় গোঁফওয়ালা এক ব্রিটিশ অভিযাত্রীর চরিত্রে। চেহারা ও পরিচিত পর্দা-ইমেজ বদলে চরিত্রের প্রয়োজনে নিজেকে তৈরি করার চেষ্টা অব্যাহত রাখেন তিনি।
তবে প্যাটিনসনের অভিনয়জীবনে বড় মোড় আসে ২০১৭ সালের ‘গুড টাইম’ সিনেমার মাধ্যমে। স্যাফডি ভ্রাতৃদ্বয় পরিচালিত এই ক্রাইম থ্রিলারে তিনি অভিনয় করেন কনি নিকাস নামের এক ছোটখাটো অপরাধীর চরিত্রে। জেলে বন্দী ভাইকে বের করে আনার জন্য নিউইয়র্কের অন্ধকার জগতে মরিয়া হয়ে ছুটে বেড়ায় কনি। চরিত্রটির মধ্যে ছিল আতঙ্ক, অপরাধবোধ, আত্মকেন্দ্রিকতা ও যেকোনোভাবে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা।
এই সিনেমায় প্যাটিনসনের অভিনয় ছিল তাঁর আগের কাজগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। এখানে তিনি আর কোনো স্বপ্নের পুরুষ নন; বরং ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়া, অসহায় অথচ বিপজ্জনক এক মানুষ। চরিত্রটির অস্থিরতা ও মানসিক টানাপোড়েন পর্দায় ফুটিয়ে তুলে সমালোচকদের প্রশংসা পান তিনি। ২০২০ সালে ‘গুড টাইম’ নিয়ে দ্য গার্ডিয়ানের আলোচনাতেও তাঁর অভিনয়জীবনের এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরা হয়।
বাতিঘরে বন্দী, নিজের সঙ্গেই যুদ্ধ
প্যাটিনসনের অভিনয়জীবনের আরেকটি উল্লেখযোগ্য কাজ ‘হাই লাইফ’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিসের এই সায়েন্স ফিকশন সিনেমায় তিনি মহাকাশে পাঠানো এক বন্দীর চরিত্রে অভিনয় করেন। পৃথিবী থেকে বহু দূরে একটি মহাকাশযানে মানুষের অস্তিত্ব, নিঃসঙ্গতা, যৌনতা ও নৈতিকতার জটিল প্রশ্ন উঠে আসে ছবিতে। প্রচলিত বিনোদনধর্মী সিনেমার তুলনায় এটি ছিল অনেক বেশি পরীক্ষামূলক।
এরপর ২০১৯ সালে মুক্তি পায় রবার্ট এগার্স পরিচালিত ‘দ্য লাইটহাউস’। প্যাটিনসনের অভিনয়জীবনের অন্যতম আলোচিত কাজ এটি। উইলেম ডাফোর সঙ্গে অভিনয় করেন তিনি। গল্পে নির্জন একটি দ্বীপে বাতিঘরের দায়িত্ব পালন করতে যান দুজন কর্মী। ধীরে ধীরে তাঁদের মধ্যে অবিশ্বাস, দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতা তৈরি হয়। একপর্যায়ে বাস্তবতা ও কল্পনার সীমারেখাও অস্পষ্ট হয়ে ওঠে।
সাদা-কালো দৃশ্য, অস্বস্তিকর পরিবেশ, অদ্ভুত সংলাপ এবং দুই অভিনেতার তীব্র অভিনয় ছবিটিকে আলাদা মাত্রা দেয়। প্যাটিনসন এখানে নিজেকে এমনভাবে বদলে নেন, যা ‘টোয়ালাইট’-এর দর্শকদের কাছে প্রায় অচেনা। তাঁর অভিনয়ে ফুটে ওঠে শারীরিক অস্থিরতা, ভয়, উন্মাদনা এবং ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অনুভূতি।
এই সময়ের কাজগুলো দিয়ে প্যাটিনসন বুঝিয়ে দেন, শুধু জনপ্রিয়তা ধরে রাখা নয়, অভিনয়ের নতুন সম্ভাবনা খুঁজে বের করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বড় পর্দায় ফেরা, তবে আগের পরিচয়ে নয়
স্বাধীন ধারার সিনেমায় নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দেওয়ার পর আবার বড় বাজেটের ছবিতে ফেরেন প্যাটিনসন। তবে এবার শুধু জনপ্রিয় তারকার পরিচয়ে নয়, বরং অভিনয়শিল্পী হিসেবে নিজের সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাস নিয়ে।
২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় নীল চরিত্রে অভিনয় করেন তিনি। সময়ের বিপরীতমুখী যাত্রা, গুপ্তচরবৃত্তি ও জটিল বৈজ্ঞানিক ধারণার ওপর নির্মিত এই ছবিতে জন ডেভিড ওয়াশিংটনের পাশাপাশি নজর কাড়েন প্যাটিনসন। তাঁর চরিত্রটি রহস্যময়, বুদ্ধিদীপ্ত ও রসবোধসম্পন্ন। সংলাপ বলার ধরন এবং পর্দায় উপস্থিতির মাধ্যমে দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেন তিনি।
একসময় যাঁকে ভ্যাম্পায়ারের প্রেমিক হিসেবে দেখা হতো, সেই অভিনেতাই এবার আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির গল্পে হয়ে ওঠেন আকর্ষণীয় এক চরিত্র।
২০২২ সালে আসে তাঁর ক্যারিয়ারের আরেকটি বড় চমক। ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হন প্যাটিনসন। এর আগে মাইকেল কিটন, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেকের মতো অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন। ফলে নতুন ব্যাটম্যান হিসেবে তাঁর সামনে চ্যালেঞ্জও ছিল বড়।
তবে আগের অভিনেতাদের অনুকরণ না করে নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলেন প্যাটিনসন। তাঁর ব্রুস ওয়েন ছিলেন বিষণ্ন, একাকী, ক্ষতবিক্ষত ও মানসিকভাবে বিপর্যস্ত এক তরুণ। প্রচলিত সুপারহিরোর মতো আত্মবিশ্বাসী ও ঝকঝকে নন তিনি। বরং অপরাধের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের ভেতরের অন্ধকারের সঙ্গেও যুদ্ধ করেন।
সিনেমাটিতে ব্যাটম্যানের পাশাপাশি ব্রুস ওয়েনের মানসিক জটিলতাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্যাটিনসনের অভিনয়ে সেই দ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে ওঠে। বিশ্বব্যাপী ৭৭ কোটি ডলারের বেশি আয় করে ছবিটি। সমালোচকদের কাছেও প্রশংসিত হয় তাঁর অভিনয়। ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ সিনেমার।
এক সিনেমায় একাধিক জীবন
প্যাটিনসনের অভিনয়জীবনের বৈচিত্র্য বোঝাতে ২০২৫ সালের ‘মিকি ১৭’ সিনেমার কথাও উল্লেখ করতে হয়। ‘প্যারাসাইট’খ্যাত দক্ষিণ কোরীয় নির্মাতা বং জুন-হো পরিচালিত এই সায়েন্স ফিকশন ছবিতে তিনি মিকি বার্নস চরিত্রে অভিনয় করেন। মিকির কাজ বিপজ্জনক অভিযানে অংশ নেওয়া। কোনো অভিযানে মারা গেলে প্রযুক্তির সাহায্যে তাঁর নতুন ক্লোন তৈরি করা হয়। ফলে একই মানুষের একাধিক সংস্করণের উপস্থিতি তৈরি হয়।
একই সিনেমায় চরিত্রটির বিভিন্ন সংস্করণের ভিন্ন আচরণ, কণ্ঠস্বর ও শারীরিক অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হয়েছে প্যাটিনসনকে। কখনো তিনি অসহায়, কখনো হাস্যকর, কখনো ভীত, আবার কখনো নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্নের মুখে পড়েন। ছবিটি তাঁর অভিনয়ের আরও কিছু ভিন্ন দিক সামনে নিয়ে আসে।
২০২৫ সালের ‘ডাই মাই লাভ’ ছবিতেও জেনিফার লরেন্সের বিপরীতে অভিনয় করেন তিনি। সেখানে তাঁর চরিত্র একজন স্বামীর, যিনি স্ত্রীর মাতৃত্ব-পরবর্তী মানসিক সংকট বুঝতে গিয়ে নিজেও অসহায় হয়ে পড়েন। সম্পর্ক, নিঃসঙ্গতা ও মানসিক বিপর্যয়ের গল্পে বড় কোনো অ্যাকশন কিংবা সুপারহিরো চরিত্রের বাইরে এসে আবারও জটিল মানবিক সম্পর্কের অভিনয় করেছেন প্যাটিনসন।
২০২৬ সালেও ব্যস্ততা কমেনি এই অভিনেতার। ‘দ্য ড্রামা’ সিনেমায় জেনডায়ার বিপরীতে অভিনয় করেছেন তিনি। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’তে দেখা গেছে অ্যান্টিনাস চরিত্রে। পাশাপাশি প্রাইমটাইম সিনেমায় সাংবাদিক ক্রিস হ্যানসেনের চরিত্রেও অভিনয় করেছেন। এসব কাজের মধ্য দিয়ে বাণিজ্যিক সিনেমা ও অভিনয়প্রধান চলচ্চিত্র—দুই ধারাতেই নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন তিনি।
এবার ০০৭, নতুন চ্যালেঞ্জের নাম জেমস বন্ড
প্যাটিনসনের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি হতে যাচ্ছে জেমস বন্ড চরিত্র। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেগের বন্ড-অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই নতুন ০০৭ কে হবেন, তা নিয়ে আলোচনা চলছিল। সম্ভাব্য অভিনেতাদের তালিকায় ছিলেন হেনরি ক্যাভিল, অ্যারন টেলর-জনসন, ইদ্রিস এলবা, জ্যাক লোডেন ও ক্যালাম টার্নারসহ আরও অনেকে।
শেষ পর্যন্ত দায়িত্বটি পেয়েছেন রবার্ট প্যাটিনসন। ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে। নতুন সিনেমাটি হবে বন্ড সিরিজের ২৬তম ছবি। ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ এবং চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট।
বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন প্যাটিনসন। তাঁর ভাষায়, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্ন পূরণের মতো।
তবে নতুন বন্ড হিসেবে তাঁর সামনে চ্যালেঞ্জও কম নয়। ড্যানিয়েল ক্রেগ বন্ড চরিত্রটিকে যে নতুন মাত্রা দিয়েছিলেন, তার সঙ্গে প্যাটিনসনের অভিনয়ের তুলনা আসবেই। ক্রেগের বন্ড ছিলেন রুক্ষ, শারীরিকভাবে শক্তিশালী, আবেগপ্রবণ ও অনেক বেশি মানবিক। তাঁর চরিত্রে দুর্বলতা, প্রেম, প্রতিশোধ ও ব্যক্তিগত ক্ষতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নতুন সিনেমায় প্যাটিনসন কীভাবে এই চরিত্রকে নিজের মতো করে তুলে ধরেন, সেটিই এখন দেখার বিষয়।
ব্যক্তিগত জীবনেও আলোচনায়
পর্দার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না প্যাটিনসন। ‘টোয়ালাইট’ সিনেমার সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে সম্পর্ক তাঁকে দীর্ঘদিন সংবাদমাধ্যমের আলোচনায় রেখেছিল। পরে সংগীতশিল্পী এফকেএ টুইগসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।
বর্তমানে অভিনেত্রী ও সংগীতশিল্পী সুইকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্যাটিনসন। ২০২৪ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। তবে সন্তানকে নিয়ে তাঁরা খুব বেশি প্রকাশ্যে কথা বলেন না। তারকাখ্যাতির মধ্যেও ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেন দুজন।
নিরাপদ নির্বাচন, নাকি বন্ড চরিত্রে নতুন পরিবর্তন?
কালো ডিনার জ্যাকেট, বো-টাই আর মুখে রহস্যময় অভিব্যক্তি—ইনস্টাগ্রামে প্রকাশিত মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিওতেই নতুন বন্ড হিসেবে প্যাটিনসনকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘোষণা কেবল একজন অভিনেতার নতুন চরিত্র পাওয়ার খবর নয়; বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তনের ইঙ্গিতও বহন করছে।
৪০ বছর বয়সী প্যাটিনসন এখন হলিউডের পরিচিত ও প্রতিষ্ঠিত অভিনেতা। নতুন বন্ড হিসেবে তাঁকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে কেউ দেখছেন সময়োপযোগী ও নিরাপদ পদক্ষেপ হিসেবে, আবার কেউ মনে করছেন, এতে চরিত্রটির দীর্ঘদিনের একটি প্রচলিত ধারা বদলে গেল। কারণ, এত দিন জেমস বন্ডের চরিত্রে সাধারণত এমন অভিনেতাদের নেওয়া হয়েছে, যাঁরা তখনো বিশ্বজোড়া তারকা হয়ে ওঠেননি। বন্ড চরিত্রই তাঁদের পরিচিতি ও জনপ্রিয়তার নতুন দরজা খুলে দিয়েছে। প্যাটিনসনের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তিনি এরই মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত ও প্রতিষ্ঠিত তারকা।
তবে শুধু তারকাখ্যাতি দিয়ে বন্ড চরিত্রে সফল হওয়া সম্ভব নয়। এই চরিত্রের নিজস্ব ঐতিহ্য, দর্শকের প্রত্যাশা এবং আগের অভিনেতাদের তৈরি করা মানদণ্ড রয়েছে। প্যাটিনসন তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বারবার পরিচিত ইমেজ ভেঙে নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। সেই অভিজ্ঞতা তাঁকে নতুন বন্ড হিসেবে বাড়তি সুবিধা দিতে পারে।
শেষ পর্যন্ত নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসন কতটা সফল হবেন, তা জানা যাবে সিনেমাটি মুক্তির পর। তবে ‘টোয়ালাইট’-এর এডওয়ার্ড কালেন থেকে ‘দ্য ব্যাটম্যান’-এর ব্রুস ওয়েন হয়ে ০০৭—এই দীর্ঘ পথচলা প্রমাণ করে, নিজেকে একটি চরিত্র বা পরিচয়ের মধ্যে আটকে রাখতে চান না তিনি।
কালের আলো/এসএ/ইএকে
