রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারিক আদালতে স্বামী সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুন—দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছিল। তবে উচ্চ আদালতে সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকলেও খালাস পেয়েছেন স্বপ্না। অপরাধে সরাসরি সম্পৃক্ততা কিংবা ধর্ষণ ও হত্যায় সহযোগিতার পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উচ্চ আদালতের রায় ঘোষণার পর স্বপ্নার খালাসের পেছনের কারণ ব্যাখ্যা করেন তারা।
অপরাধে সহযোগিতার প্রমাণ পায়নি আদালত
রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. হাফিজুর রহমান খান বলেন, স্বপ্না খাতুনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় সহযোগিতা বা সহায়তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় তাকে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু অপরাধে সহযোগিতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় উচ্চ আদালত তাকে খালাস দিয়েছেন।
ঘটনার সময় স্বপ্না ঘরের ভেতরে ছিলেন—এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, মূল ঘটনা ঘটেছিল বাথরুমে, যা ঘরের বাইরে অবস্থিত। ফলে বাথরুমে অপরাধ সংঘটিত হওয়ার সময় স্বপ্না ঘরের ভেতরে ছিলেন। এ ছাড়া তার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিও ছিল না।
মরদেহ সরানো বা স্পর্শের প্রমাণ নেই
আসামিপক্ষের আইনজীবী আরও বলেন, মামলার আলামত হিসেবে থাকা রামিসার মরদেহ স্বপ্না স্পর্শ করেছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টারও প্রমাণ মেলেনি।
তবে স্বপ্না তার স্বামী সোহেলকে পালিয়ে যেতে বলেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে হাফিজুর রহমান খানের বক্তব্য, কাউকে পালিয়ে যেতে বলা এবং মূল অপরাধে সহযোগিতা করা এক বিষয় নয়। তাই শুধু এ অভিযোগের ভিত্তিতে তাকে ধর্ষণ ও হত্যার সহযোগী হিসেবে দোষী সাব্যস্ত করা যায় না।
সোহেলের জবানবন্দিতে স্বপ্নার সম্পৃক্ততার উল্লেখ নেই
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণে ধর্ষণ এবং পরবর্তী সময়ে হত্যাকেই মূল অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। সোহেল রানা নিজের জবানবন্দিতে অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও সেখানে স্বপ্না খাতুনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেননি।
অ্যাটর্নি জেনারেল জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় একজন নারী হিসেবে স্বামীর সহযোগী হওয়ার সুযোগ ছিল না। তবে অন্যান্য সাক্ষীর সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে, স্বামীকে বাঁচাতে তিনতলার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বপ্না সহযোগিতা করেছিলেন। কিন্তু ধর্ষণ ও হত্যার মতো মূল অপরাধে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এ কারণেই তাকে খালাস দেওয়া হয়েছে।
দরজা না খোলার যুক্তিও গ্রহণ করেনি আদালত
স্বপ্নাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার পক্ষে অ্যাটর্নি জেনারেল হিসেবে তার একটি যুক্তি ছিল, দরজায় ধাক্কাধাক্কির সময় স্বপ্না দরজা খুলে দিলে হয়তো রামিসাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, দীর্ঘ সময় ঘরের দরজা আটকে রাখা এবং পরে গ্রিল কেটে সোহেলকে পালিয়ে যেতে সহায়তা করা—দুটিই সময়সাপেক্ষ কাজ। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। রামিসার বাবা বনশ্রী থেকে খবর পেয়ে বাসায় পৌঁছানোর পর দরজার লক ভাঙা হয়। পরে সপ্তম সাক্ষীর ধারণ করা ভিডিওতেও স্বপ্নাকে বাথরুমের দরজা খোলা ও বন্ধ করতে দেখা যায়।
অ্যাটর্নি জেনারেলের যুক্তি ছিল, ওই সময় রামিসা জীবিত থাকতে পারে। দরজা সময়মতো না খোলা এবং অপরাধ আড়াল করতে স্বামীকে সহযোগিতা করার কারণে স্বপ্নাও দায়ী হতে পারেন। তবে আদালত রাষ্ট্রপক্ষের এই যুক্তি গ্রহণ করেননি। স্বপ্নাকে খালাস দেওয়ার ক্ষেত্রে এটিও অন্যতম বিবেচ্য বিষয় ছিল বলে জানান অ্যাটর্নি জেনারেল।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
