Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:০৮ পিএম

অভিনয়ে অনিয়মিত তবু সম্পদে বলিউডের শীর্ষে

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:০৮ পিএম

অভিনয়ে অনিয়মিত তবু  সম্পদে বলিউডের শীর্ষে

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই ছিল তাঁর নাম। মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয় আর সাবলীল সংলাপ বলার ভঙ্গিতে দর্শকের মন জয় করেছিলেন জুহি চাওলা। আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’, শাহরুখ খানের সঙ্গে ‘ডর’ ও ‘ইয়েস বস’, অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’—একসময় পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ।

সময়ের সঙ্গে অভিনয়ে ব্যস্ততা কমিয়েছেন এই অভিনেত্রী। এখন আর নিয়মিত সিনেমায় দেখা যায় না তাঁকে। তবে অভিনয়ের বাইরে ব্যবসায়িক দুনিয়ায় নিজের অবস্থান তৈরি করেছেন জুহি। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানার সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের ২০২৫ সালের হিসাব অনুযায়ী, জুহি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৯ হাজার কোটি টাকার কাছাকাছি। এই হিসাব তাঁকে ভারতের ধনী অভিনেত্রীদের তালিকার শীর্ষে জায়গা দিয়েছে। তালিকায় তাঁর ওপরে রয়েছেন কেবল শাহরুখ খান।

১৩ নভেম্বর ছিল জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্ম নেওয়া অভিনেত্রী এবার ৫৯ বছরে পা দিয়েছেন। জন্মদিন ঘিরে তাঁর অভিনয়জীবনের পাশাপাশি আলোচনায় এসেছে কীভাবে সিনেমার পর্দার জনপ্রিয়তা পেরিয়ে ব্যবসার জগতে বড় সম্পদের অংশীদার হয়েছেন তিনি।

পর্দার নায়িকা থেকে ব্যবসার অংশীদার
জুহির সম্পদের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর স্বামী ব্যবসায়ী জয় মেহতার। ভারতের পরিচিত শিল্পোদ্যোক্তাদের একজন জয়। মুম্বাইভিত্তিক মেহতা গ্রুপের ব্যবসা বিস্তৃত চারটি মহাদেশে। সিমেন্ট ও নির্মাণসামগ্রী, প্যাকেজিং, চিনি, কৃষি, ফুল চাষ, প্রকৌশল এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন খাতে রয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিল্পপ্রকৌশলে স্নাতক এবং সুইজারল্যান্ডের আইএমডি থেকে এমবিএ করেছেন জয় মেহতা। দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। মেহতা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি সিমেন্টশিল্পেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

জুহি ও জয়ের পরিচয় হয়েছিল অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেকেরও আগে। পরে এক বন্ধুর আয়োজিত নৈশভোজে তাঁদের আবার দেখা হয়। এরপর জুহিকে মুগ্ধ করতে নানা চেষ্টা চালান জয়। এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, জয় নিয়মিত তাঁকে চিঠি, ফুল ও উপহার পাঠাতেন। এক জন্মদিনে এক ট্রাক লাল গোলাপ পাঠিয়েছিলেন তিনি। এত ফুল দেখে জুহির প্রশ্ন ছিল, সেগুলো দিয়ে তিনি কী করবেন! শেষ পর্যন্ত প্রায় এক বছর পর জয়ের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন অভিনেত্রী।

১৯৯৫ সালে বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের খবর দীর্ঘদিন গোপন রেখেছিলেন জুহি। তখন বলিউডে নিজের অবস্থান শক্ত করার সময় তাঁর। একের পর এক সিনেমায় অভিনয় করছেন, ক্যারিয়ারও এগোচ্ছিল দ্রুত। বিয়ের খবর প্রকাশ্যে এলে অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই বিষয়টি আড়ালে রাখার সিদ্ধান্ত নেন তিনি। ২০০১ সালে তাঁদের প্রথম সন্তান জন্মের সময় বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির দুই সন্তান—জাহ্নবী ও অর্জুন।

শাহরুখের সঙ্গে ক্রিকেটের ব্যবসা
জুহির বিপুল সম্পদের আলোচনায় সবচেয়ে বেশি আসে কলকাতা নাইট রাইডার্সের নাম। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের আগে দল কেনার নিলামে অংশ নেন শাহরুখ খান ও জুহি চাওলা। তাঁদের সঙ্গে ছিলেন জয় মেহতাও। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা পরিবারের ব্যবসায়িক স্বার্থ মিলিয়ে গড়ে ওঠে এই অংশীদারত্ব।

প্রায় ৭৫ মিলিয়ন ডলার ব্যয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজিটি কেনেন তাঁরা। সে সময় আইপিএল ছিল একেবারেই নতুন উদ্যোগ। টি-টোয়েন্টি ক্রিকেটের এই বাণিজ্যিক মডেল কতটা সফল হবে, তা নিয়ে সংশয় ছিল অনেকের। জয় মেহতার কয়েকজন ব্যবসায়িক বন্ধুও এত বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু জুহি ও তাঁর পরিবারের পক্ষ থেকে ঝুঁকিটি নেওয়া হয়।

শুরুর দিকে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি কেকেআর। একাধিক মৌসুমে দলটি পয়েন্ট তালিকার নিচের দিকে ছিল। তবে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ায় তারা। আইপিএলে তিনবার শিরোপা জিতেছে কলকাতার দলটি। বিশেষ করে ২০২৪ সালের শিরোপা জয়ের পর দলটির বাণিজ্যিক পরিচিতি আরও শক্তিশালী হয়।

সন্তানদের অপমানই বাড়িয়েছিল জেদ
কেকেআরের শুরুর দিকের ব্যর্থতা শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না; এর প্রভাব পড়েছিল জুহির পারিবারিক জীবনেও। অভিনেত্রী বিভিন্ন সময় জানিয়েছেন, দল হারলে তাঁর সন্তানদের স্কুলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতো।

জুহি ও জয় মেহতার সন্তানেরা মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ত। সেখানে অনেক শিক্ষার্থী ছিল মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থক। কেকেআর হেরে গেলে স্কুলে গিয়ে বন্ধুদের হাসাহাসি ও ঠাট্টার মুখে পড়ত জুহির সন্তানেরা। তাদের বলা হতো, তাদের মা-বাবার দল পয়েন্ট তালিকার শেষ দিকে।

‘দ্য কপিল শর্মা শো’-তে জুহি জানিয়েছিলেন, কেকেআর হারতে বসলে তিনি নীরবে প্রার্থনা শুরু করতেন। দলের পরাজয় এবং সন্তানদের বিব্রত হওয়ার অভিজ্ঞতা তাঁকে কষ্ট দিত। তবে একের পর এক ব্যর্থতার মধ্যেও দলটির প্রতি আস্থা হারাননি তিনি। সময়ের সঙ্গে কেকেআরের সাফল্য সেই কঠিন সময়ের চিত্র বদলে দেয়।

কেকেআর থেকে আন্তর্জাতিক ক্রিকেট ব্যবসা
কলকাতা নাইট রাইডার্সের ব্যবসা এখন আর শুধু আইপিএলের একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। নাইট রাইডার্স গ্রুপের অধীনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

ক্রিকেটকে কেন্দ্র করে বিনোদন, বিপণন ও আন্তর্জাতিক ব্যবসার সমন্বয় তৈরি করেছে নাইট রাইডার্স গ্রুপ। ফলে একটি ক্রিকেট দল কেনার সিদ্ধান্ত সময়ের সঙ্গে বড় ব্যবসায়িক উদ্যোগে রূপ নিয়েছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জুহি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। এক বছরে সম্পদ বৃদ্ধির হার প্রায় ৬৯ শতাংশ। এই উত্থানের পেছনে নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিনোদন ব্যবসায়ও শাহরুখের সঙ্গে অংশীদারত্ব
শাহরুখ খানের সঙ্গে জুহির ব্যবসায়িক সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। পরবর্তী সময়ে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি। শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সিনেমা প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসাতেও অবস্থান তৈরি করেছে।

জুহি ও শাহরুখের বন্ধুত্বের শুরু অবশ্য চলচ্চিত্রের সেটে। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’, ‘ইয়েস বস’ ও ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’র মতো বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দার সেই রসায়ন পরে ব্যবসায়িক অংশীদারত্বেও রূপ নেয়। অভিনয়ের পরিচিতিকে কাজে লাগিয়ে বিনোদন ও ক্রীড়াবাণিজ্যে নিজেদের অবস্থান তৈরি করেছেন দুজন।

যে অভিনয় তাঁকে তারকা বানিয়েছিল
১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে পরিচিতি পান জুহি। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা জাতীয় পোশাকের পুরস্কারও অর্জন করেন। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।

তবে প্রকৃত তারকাখ্যাতি আসে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় অভিনয়ের পর। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং জুহিকে রাতারাতি পরিচিত করে তোলে। এরপর নব্বইয়ের দশকে ‘লুটেরে’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ইয়েস বস’ ও ‘ইশক’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় এবং সংলাপ বলার ধরন দর্শকদের কাছে তাঁকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারও পান তিনি। একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন জুহি। বিয়ের পরও অভিনয় ছাড়েননি; বরং সময়ের সঙ্গে বেছে বেছে কাজ করতে শুরু করেন।

পরিবেশ সংরক্ষণেও সক্রিয়
শুধু অভিনয় ও ব্যবসা নয়, পরিবেশ সংরক্ষণ নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন জুহি। বিশেষ করে শব্দদূষণ ও প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন তিনি। মুম্বাইয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচার চালানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণের পক্ষেও কথা বলেছেন। শিশুদের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিও তাঁর পরিবেশবিষয়ক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।

অভিনয়ে অনিয়মিত, তবে পুরোপুরি বিদায় নয়
বড় পর্দায় আগের মতো নিয়মিত না হলেও অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি জুহি। গত কয়েক বছরে সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি।

২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাশ হাশ’-এর মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হয় তাঁর। তনুজা চন্দ্রা পরিচালিত এই সিরিজে জুহির সঙ্গে অভিনয় করেন আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কামরা, শাহানা গোস্বামী ও কারিশমা তান্না।

একই বছর মুক্তি পায় ‘শর্মাজি নমকিন’। ঋষি কাপুরের মৃত্যুর আগে শুরু হওয়া সিনেমাটির বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। হিতেশ ভাটিয়া পরিচালিত ছবিটিতে মিসেস মানচান্দার চরিত্রে দেখা যায় জুহিকে।

২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’ সিরিজেও অভিনয় করেন তিনি। একই বছর মুক্তি পাওয়া ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ সিনেমায় দুই কিশোরের মায়ের চরিত্রে দেখা যায় তাঁকে।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী থেকে ব্যবসায়িক সাফল্যের অংশীদার—জুহি চাওলার পথচলা তাই কেবল চলচ্চিত্রের গল্প নয়। অভিনয়ের পরিচিতিকে পেছনে রেখে ক্রিকেট, বিনোদন ও পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে সম্পদের যে অবস্থান তৈরি করেছেন, তা তাঁকে বলিউডের ধনী তারকাদের আলোচনায় বিশেষ জায়গা করে দিয়েছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আইএমডিবি ও ইন্ডিয়া টুডে

কালের আলো/এসএ/জেএন

Link copied!