দেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় সাময়িক সময়ের জন্য গ্রিডে যুক্ত হয় কেন্দ্রটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাল বাংলাদেশ।
৮ থেকে ১০ ঘণ্টা চলবে পরীক্ষামূলক সরবরাহ
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়গুলোও পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। এ পর্যায়ে কেন্দ্রটির কারিগরি ও পরিচালনসংক্রান্ত বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রতিটি ধাপে টারবাইন, জেনারেটর, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করা হবে।
পরীক্ষামূলক সংযোগ মানেই বাণিজ্যিক উৎপাদন নয়
প্রথম ইউনিটের গ্রিড সংযোগের অর্থ হলো, এই ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে চলে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)–এর নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়ার অংশ এটি।
এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত মেনে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিয়েক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করা হবে। পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটি বিভিন্ন সময়ে সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে।
পরীক্ষামূলক পর্যায়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। তবে এ সময় নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।
চূড়ান্ত সংযোগের সম্ভাব্য সময় ২১ নভেম্বর
পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা আগামীর সময়কে জানিয়েছেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী ২১ নভেম্বর রূপপুরের বিদ্যুৎকেন্দ্র চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর আগে পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চূড়ান্ত সংযোগের সময় কোনো কারিগরি সমস্যা দেখা না দেয়। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর ক্ষেত্রে একাধিক পরীক্ষা ও নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন থাকায় নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা কঠিন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া উপলক্ষে সরকারের আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে ২১ নভেম্বরের আগে বা পরেও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রের গ্রিড সংযোগ ঘোষণা করা হতে পারে।
দুটি ইউনিট থেকে মিলবে ২ হাজার ৬০ মেগাওয়াট
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ। ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়।
রূপপুর প্রকল্পে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সে হিসাবে দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। এদিকে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করা হতে পারে।
নিরাপত্তা পরীক্ষার পর শুরু হয় পারমাণবিক বিক্রিয়া
রূপপুরে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন শুরুর পরিকল্পনা ছিল গত সেপ্টেম্বরে। তবে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় প্রক্রিয়াটি পিছিয়ে যায়। পরে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে। এতে লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কম হতে পারে বলে আশা করা হচ্ছে।
কালের আলো/এসএ/এমএসআইপি
