বলিউডে অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন তিনি। তখন বয়স ২০-এর কোঠায়। চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করার লড়াইয়ে থাকা স্বরা সে সময় কাজ হারানোর ভয়ে প্রতিবাদ করতে পারেননি। এমনকি তখন তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি যে কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে, সেটিও বুঝতে পারেননি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। স্বরা জানান, ঘটনাটি ঘটে ২০১১ সালে। এর কিছুদিন আগেই ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছিল তখন। এমন সময় নতুন একটি সিনেমার শুটিংয়ে গিয়ে পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি।
ঘটনাটিকে তখন হয়রানি হিসেবে বুঝতে পারেননি
স্বরা জানান, শুটিং শুরুর প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের আচরণে অস্বস্তি বোধ করতে শুরু করেন তিনি। তবে তখন বিষয়টিকে যৌন হয়রানি হিসেবে চিহ্নিত করতে পারেননি। কারণ, ওই ব্যক্তি তাঁর সঙ্গে কোনো ধরনের শারীরিক সংস্পর্শে আসেননি।
অভিনেত্রীর ভাষায়, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ, ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি।’
তবে অভিযুক্ত পরিচালকের নাম প্রকাশ করেননি স্বরা। কী ধরনের আচরণের মাধ্যমে তিনি হয়রানির শিকার হয়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানাননি অভিনেত্রী।
কাজ হারানোর ভয়ে প্রতিবাদ করতে পারেননি
সেই সময় চলচ্চিত্রজগতে স্বরার পরিচিতজনের সংখ্যা ছিল খুবই কম। ব্যক্তিগত কোনো দল বা সহায়তা করার মতো লোকজনও তাঁর পাশে ছিলেন না। ফলে শুটিংয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েও কীভাবে প্রতিকার চাইবেন, তা বুঝে উঠতে পারেননি তিনি। স্বরা বলেন, ‘আমি অন্যভাবে অসহায় ছিলাম। আমার কোনো ব্যক্তিগত টিম ছিল না। এমন কেউ ছিল না, যার কাছে গিয়ে সাহায্য চাইতে পারতাম।’
সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল ৫৬ দিনের। শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই পরিচালকের কথিত হয়রানিমূলক আচরণের মুখোমুখি হন তিনি। কিন্তু কাজ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ, অভিনয়জীবনের শুরুতে এমন একটি সিনেমার কাজ তাঁর ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
স্বরার কথায়, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’
অভিনেত্রীর মতে, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত আচরণের মুখোমুখি হলে অনেক নারীই এমন দ্বন্দ্বে পড়েন। একদিকে নিজের নিরাপত্তা ও সম্মান রক্ষা, অন্যদিকে চাকরি বা কাজ ধরে রাখার চাপ। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে পরিচিতি ও প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ে থাকা নারীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
মিটু আন্দোলনের পর নিজের অভিজ্ঞতা বুঝতে পারেন
ঘটনার সময় বিষয়টিকে যৌন হয়রানি হিসেবে বুঝতে না পারলেও কয়েক বছর পর নিজের অভিজ্ঞতাকে নতুনভাবে মূল্যায়ন করেন স্বরা। বিশেষ করে বিশ্বজুড়ে মিটু আন্দোলন শুরু হওয়ার পর কর্মক্ষেত্রে নারীদের হয়রানির নানা অভিজ্ঞতা প্রকাশ্যে আসতে থাকে। অন্য নারীদের অভিজ্ঞতা পড়তে গিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পান তিনি। স্বরা বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, হে ঈশ্বর! এটাই তো হয়রানি। যৌন হয়রানির পাঠ্যবইয়ের উদাহরণ যেন।’
শেষ পর্যন্ত নির্বাহী প্রযোজকের সহায়তা পান
স্বরার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে পুরো বিষয়টি খুলে বলেন তিনি। ওই প্রযোজক তাঁর পাশে দাঁড়ান এবং শুটিংয়ের বাকি সময়টা স্বস্তিতে কাটাতে সহযোগিতা করেন। শুধু কাজের ক্ষেত্রেই নয়, তাঁদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বও গড়ে ওঠে।
পরে সেই নির্বাহী প্রযোজকই স্বরার ব্যবস্থাপক হন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘তিনি আমার বন্ধু হয়ে গিয়েছিলেন। তিনি আমাকে সুরক্ষা দিয়েছিলেন। তখনো, এখনো তিনি আমার ব্যবস্থাপক।’
নতুনদের জন্য স্বরার বার্তা
নিজের অভিজ্ঞতা থেকে কর্মজীবনে প্রবেশ করা তরুণীদের জন্য পরামর্শও দিয়েছেন স্বরা। তাঁর মতে, কর্মক্ষেত্রে কোনো আচরণ অস্বস্তিকর মনে হলে সেটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রয়োজনে বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলা, সহায়তা চাওয়া এবং অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ করা জরুরি।
অভিনেত্রীর ভাষায়, ‘মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য চান, সহযোগিতা নিন। অনুচিত আচরণ দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। কারণ, এখন আমরা সেটা করতে পারি।’
ব্যক্তিজীবনে ২০২৩ সালের ৬ জানুয়ারি রাজনীতিক ফাহাদ আহমেদকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন স্বরা। একই বছরের ১৬ ফেব্রুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাঁরা। ওই বছরের সেপ্টেম্বরে তাঁদের কন্যাসন্তান রাবিয়ার জন্ম হয়। সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-তেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।
কালের আলো/এসএ/জেএন
