দেশের জ্বালানি খাতে নতুন আশার সঞ্চার করছে দক্ষিণের দ্বীপজেলা ভোলার মাটির নিচে থাকা বিপুল গ্যাসসম্পদ। একের পর এক কূপ খনন, নতুন গ্যাসের স্তরের সন্ধান এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এ অঞ্চল। সর্বশেষ ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন কূপেও মিলেছে গ্যাসের আশাব্যঞ্জক চাপ। প্রাথমিক হিসাবে, এ কূপ থেকে প্রতিদিন ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে। গ্যাসের চাপ ও প্রবাহ বিবেচনায় উৎপাদন ৩ কোটি ঘনফুট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- দৈনিক ৩ কোটি ঘনফুট পর্যন্ত উৎপাদনের সম্ভাবনা
- ২০৩২ সালে সক্ষমতা ৩৮ কোটি ঘনফুটে নেওয়ার পরিকল্পনা
- জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় ভোলার গ্যাস
তবে সম্ভাবনা শুধু একটি নতুন কূপেই সীমাবদ্ধ নয়। ভোলার তিনটি গ্যাসক্ষেত্র ঘিরে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ২০২৯ সালে দৈনিক ২৮ কোটি ঘনফুট এবং ২০৩২ সালে ৩৮ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোলার গ্যাস দেশের অন্য অঞ্চলে পৌঁছে দিতে ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত। প্রায় ৪ হাজার ১৩১ কোটি টাকার এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন অব্যবহৃত থাকা গ্যাসসম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবে।
পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স) সূত্রে জানা গেছে, ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপ খননের কাজ শেষ হয়েছে। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত ৯ সেপ্টেম্বর কূপটির খনন শুরু করে। ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় খননকাজ শেষ হওয়ার পর রোববার (১৫ নভেম্বর) সকালে শুরু হয় ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি)। এ পরীক্ষার মাধ্যমে ভূগর্ভে গ্যাসের স্তর, চাপ ও প্রবাহের সক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কূপটি থেকে দৈনিক কী পরিমাণ গ্যাস উৎপাদন করা সম্ভব, তা নির্ধারণ করা হচ্ছে।
বাপেক্স কর্মকর্তাদের মতে, নতুন কূপে সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ঘনফুট পর্যন্ত গ্যাসের চাপ পাওয়া গেছে। তবে প্রকৃত উৎপাদন সক্ষমতা নিশ্চিত হওয়া যাবে উৎপাদন শুরুর পর। এজন্য প্রয়োজনীয় প্রসেস প্ল্যান্ট ও পাইপলাইন নির্মাণ করতে হবে।
তিন গ্যাসক্ষেত্রে বিপুল মজুতের সম্ভাবনা
ভোলায় গ্যাস অনুসন্ধানের ইতিহাস কয়েক দশকের। ১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে এ অঞ্চলের জ্বালানি সম্ভাবনার সূচনা হয়। ২০০৯ সালে সেখানে গ্যাস উৎপাদন শুরু করে বাপেক্স। এরপর ২০১৮ সালে আবিষ্কৃত হয় ভোলা নর্থ গ্যাসক্ষেত্র। ২০২৩ সালে সন্ধান মেলে ইলিশা গ্যাসক্ষেত্রের।
পেট্রোবাংলার ধারণা অনুযায়ী, ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে সম্মিলিতভাবে প্রায় ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে। এর বাইরেও নতুন অনুসন্ধানের মাধ্যমে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে রাশিয়ার কোম্পানি গাজপ্রম ভোলায় ৪ লাখ কোটি ঘনফুটের বেশি গ্যাস থাকার সম্ভাবনার কথা জানিয়েছিল। চলতি বছর স্লামবার্জারের মূল্যায়নেও গ্যাসের মজুত ৮ লাখ কোটি ঘনফুট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে। এখনো বড় এলাকা অনুসন্ধানের বাইরে রয়েছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, নতুন কূপ যুক্ত হলে ভোলায় মোট কূপের সংখ্যা দাঁড়াবে ১০টি। বর্তমানে ৯টি কূপের সম্মিলিত দৈনিক উৎপাদন সক্ষমতা ১৮ কোটি ঘনফুট। তবে স্থানীয় চাহিদা সীমিত থাকায় চারটি কূপ থেকে প্রতিদিন ৭ থেকে সাড়ে ৭ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। বাকি পাঁচটি কূপ অব্যবহৃত রয়েছে।
এ পরিস্থিতি বদলাতে উৎপাদন অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলা নর্থ ও ইলিশা গ্যাসক্ষেত্রের তিনটি কূপের গ্যাস প্রক্রিয়াজাত করে সরবরাহের জন্য দৈনিক ৬ কোটি ঘনফুট সক্ষমতার একটি প্রসেস প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে একই সক্ষমতার আরও একটি প্ল্যান্ট নির্মাণের জন্য জমিও অধিগ্রহণ করা হয়েছে।
ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট ২৮টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি কূপ আগে থেকেই রয়েছে। আরও ১০টি কূপ খনন করা হলে দৈনিক অন্তত ২০ কোটি ঘনফুট উৎপাদন সক্ষমতা বাড়বে। বর্তমানে পাঁচটি কূপ খননের কাজ চলছে। এর মধ্যে ভোলা নর্থ-৩ অন্যতম। বাকি পাঁচটি কূপের দরপত্র প্রক্রিয়াধীন।
জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় বিপুল গ্যাস
ভোলার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থানীয় চাহিদার সীমাবদ্ধতা এবং জাতীয় সঞ্চালন নেটওয়ার্কের সঙ্গে সংযোগ না থাকা। ফলে বিপুল গ্যাসসম্পদ থাকা সত্ত্বেও উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। এ পরিস্থিতি কাটাতে পাইপলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ভোলা থেকে বরিশাল পর্যন্ত নদীর তলদেশ দিয়ে পাইপলাইন নির্মাণ করা হবে। এরপর বরিশাল থেকে খুলনা পর্যন্ত আরেকটি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। এতে ভোলার গ্যাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের সুযোগ তৈরি হবে। পাশাপাশি জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় নতুন উৎস যুক্ত হবে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) তথ্য অনুযায়ী, ভোলা-বরিশাল পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৯৬ কিলোমিটার। বরিশাল-খুলনা পাইপলাইন হবে ১০৫ কিলোমিটার। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইন নির্মাণে প্রাথমিকভাবে ৪ হাজার ১৩১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ভোলা-বরিশাল পাইপলাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৩১ কোটি টাকা। আর বরিশাল-খুলনা পাইপলাইনে ব্যয় হবে ২ হাজার ২০০ কোটি টাকা। তবে সম্ভাব্যতা যাচাই ও জমি অধিগ্রহণের খরচ যুক্ত হলে প্রকল্প ব্যয় কিছুটা বাড়তে পারে।
জিটিসিএল সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর পৃথক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে। আগামী তিন বছরের মধ্যে পাইপলাইন নির্মাণ শেষ করার লক্ষ্য রয়েছে। তবে বরিশাল-খুলনা অংশের সম্ভাব্যতা যাচাই এখনো চলমান।
খুলনার বিদ্যুৎকেন্দ্রেও ফিরতে পারে প্রাণ
ভোলার গ্যাস জাতীয় সঞ্চালন ব্যবস্থায় যুক্ত হলে শুধু জ্বালানি সরবরাহ বাড়বে না, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতেও নতুন গতি সঞ্চারের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে খুলনার অব্যবহৃত তিনটি বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২৪৪ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
জ্বালানি বিভাগের পর্যালোচনায় পাইপলাইনকে তুলনামূলক কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে বিবেচনা করা হয়েছে। বিকল্প হিসেবে সিএনজি বা এলএনজি আকারে ভোলার গ্যাস দেশের অন্য অঞ্চলে নেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হয়েছিল।
তবে দৈনিক ১০ কোটি ঘনফুট গ্যাস পরিবহনে সিএনজির জন্য ১ হাজার ৬০০টি বিশেষ ট্রাক অথবা এলএনজির জন্য ৭০০টি বিশেষায়িত ট্যাংকার প্রয়োজন হবে। এতে পরিবহনব্যবস্থার ওপর চাপ তৈরি হওয়ার পাশাপাশি সরবরাহের ধারাবাহিকতা নিয়েও অনিশ্চয়তা থাকবে। অন্যদিকে পাইপলাইন নির্মিত হলে তুলনামূলক স্থিতিশীলভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি শিল্পকারখানায় গ্যাস সরবরাহ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির পথও প্রশস্ত হবে।
জ্বালানি নিরাপত্তায় নতুন শক্তি হতে পারে ভোলার গ্যাস
দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং আমদানিনির্ভরতা বাড়ার প্রেক্ষাপটে ভোলার গ্যাস বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। একদিকে নতুন কূপ খননের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ছে, অন্যদিকে পাইপলাইন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে এ গ্যাস ব্যবহারের নতুন বাজার তৈরি হবে।
তবে শুধু গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়ালেই প্রত্যাশিত সুফল মিলবে না। প্রয়োজন সময়মতো প্রসেস প্ল্যান্ট নির্মাণ, পাইপলাইন স্থাপন, শিল্পকারখানায় গ্যাসের চাহিদা সৃষ্টি এবং বিদ্যমান উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে ভোলা হয়ে উঠতে পারে দেশের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। মাটির নিচে থাকা বিপুল সম্পদ তখন আর অব্যবহৃত থাকবে না, হয়ে উঠবে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি।
কালের আলো/জেএন/এমকে
