Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

কুষ্টিয়া সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১২:১৬ পিএম

মহাসড়ক-অলিগলিতে বর্জ্যের স্তূপ, দুর্ভোগে পৌরবাসী

কুষ্টিয়া সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১২:১৬ পিএম

মহাসড়ক-অলিগলিতে বর্জ্যের স্তূপ, দুর্ভোগে পৌরবাসী

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকছে সড়ক ও অলিগলিতে। এমনকি পৌর কর্তৃপক্ষের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকেও কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন এলাকায় ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধে নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।

১৫৭ বছরের পুরোনো এই পৌরসভায় এখনো গড়ে ওঠেনি কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন। ফলে নিয়মিত পৌরকর পরিশোধ করেও প্রয়োজনীয় নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। বর্জ্যের স্তূপ থেকে মশা-মাছির উপদ্রব এবং রোগবালাই ছড়ানোর আশঙ্কাও দেখা দিয়েছে।

সড়ক ও অলিগলিতে ছড়িয়ে আছে ময়লা
বুধবার সকালে পৌরসভার কাজীপাড়া, কালীবাড়ি মন্দির, বিদ্যুৎ কার্যালয় এলাকা, কুণ্ডুপাড়া, তহবাজার ও থানামোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কের পাশে পচা ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। এসব বর্জ্যে মশা-মাছি ভনভন করছে। চারপাশে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। স্বাস্থ্যঝুঁকি নিয়েই এসব সড়ক দিয়ে চলাচল করছেন নানা বয়সী মানুষ।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিব হোসেন বলেন, কাগজে-কলমে এটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে কোনো ডাম্পিং স্টেশন নেই। নিয়মিত কর পরিশোধ করেও নাগরিকরা প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন না। এতে এলাকার মানুষ তীব্র স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকার গৃহিণী রূপালী খাতুন জানান, সকাল হলেই আশপাশের লোকজন বাড়ির সামনে দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলে যান। সাত দিনেও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা তা পরিষ্কার করতে আসেন না। মশা-মাছির উপদ্রবে রোগবালাই ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ছোট শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।

ময়লা রাখার ড্রামও ভেঙে ফেলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা
কুণ্ডুপাড়া এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষ মোড়ে মোড়ে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ড্রাম বসিয়েছিল। কিন্তু ড্রাম ভরে গেলেও সময়মতো সেগুলো পরিষ্কার করা হতো না। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা একসময় ড্রামগুলো ভেঙে ফেলেন। এখন ড্রাম না থাকায় মানুষ সড়কের ওপরই ময়লা ফেলছেন।

সরেজমিন দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকার দুই পাশে পৌরসভার গাড়ি থেকে বর্জ্য ফেলা হচ্ছে। দুর্গন্ধের কারণে এ পথ দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢাকতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।

ভ্যানচালক মনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ ও শহরের ব্যবসায়ীরা মহাসড়কের দুই পাশে আবর্জনা ফেলছেন। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শম্পা খাতুনের অভিযোগ, পৌরসভার লোকজনই এখানে ময়লা ফেলে যান। বারবার নিষেধ করেও কোনো লাভ হয়নি। দুর্গন্ধে বাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে। খাবারে মশা-মাছি বসছে, পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়ছেন।

বর্জ্য পোড়ানোয় বাড়ছে বায়ুদূষণ
কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন বলেন, একদিকে সড়কের ধারে ময়লা ফেলা হচ্ছে, অন্যদিকে সেখানেই আগুন দিয়ে তা পোড়ানো হচ্ছে। এতে বায়ুদূষণের পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। প্রথম শ্রেণির একটি পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার এমন অবস্থা দুঃখজনক। জনস্বার্থে দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ করা জরুরি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপর্ণা লতিফ আহমেদ বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, কৃমিসহ পানিবাহিত ও বায়ুবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। খোলা জায়গায় বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস বা প্রক্রিয়াজাত করা উচিত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রোগবালাইও কমবে।

ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প তৈরির উদ্যোগ
কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী এম এম সামরুজ্জামান বলেন, ব্রিটিশ আমলে অপরিকল্পিতভাবে পৌরসভাটি গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে জনসংখ্যা বেড়েছে, পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে উঠেছে। পৌর এলাকায় পর্যাপ্ত খাস বা ফাঁকা জায়গা না থাকায় এতদিন ডাম্পিং স্টেশন নির্মাণ করা সম্ভব হয়নি। তবে শহর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান ক্যালেন্ডার তৈরির কাজ চলছে।

নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় নাগরিক ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার বিষয়টি স্বীকার করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সেমিনার হয়েছে। অগ্রাধিকার প্রকল্পের আওতায় কুমারখালী পৌরসভার জন্য আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!