Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:২৮ এএম

দাবি কৃষক নুর মোহাম্মদের

বরেন্দ্র অঞ্চলে নতুন আশার নাম খরাসহনশীল ধান

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:২৮ এএম

বরেন্দ্র অঞ্চলে নতুন আশার নাম খরাসহনশীল ধান

রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ দীর্ঘ সাত বছরের গবেষণা ও প্রচেষ্টায় খরাসহনশীল নতুন একটি ধানের জাত উদ্ভাবনের দাবি করেছেন। দেশি ধানের বিভিন্ন জাতের মধ্যে সংকরায়নের মাধ্যমে তৈরি এ ধান কম পানিতে উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। পরীক্ষামূলক চাষে ব্যবহার করতে হয়নি কোনো রাসায়নিক সার, কীটনাশক কিংবা কৃত্রিম সেচ। প্রাথমিক পর্যবেক্ষণে বিঘাপ্রতি ২১ থেকে ২২ মণ ফলনের সম্ভাবনাও দেখছেন তিনি।

খরা ও পানির সংকটে বিপর্যস্ত বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এ উদ্যোগ। তবে জাতটির কার্যকারিতা ও ফলন নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন উদ্ভাবক নিজেই।

১৫ শতাংশ জমিতে পরীক্ষামূলক চাষ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া পূর্ব মাঠে নুর মোহাম্মদের পরীক্ষামূলক ধানক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) এবং নুর মোহাম্মদ কৃষি পরিসেবা যৌথভাবে এ আয়োজন করে।

১৫ শতাংশ জমিতে চাষ করা নতুন জাতের ধান সরেজমিনে পর্যবেক্ষণ করেন কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা ও বারসিকের প্রতিনিধিরা। এ সময় ধানটির বৈশিষ্ট্য, চাষপদ্ধতি, রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ এবং সম্ভাব্য ফলন নিয়ে আলোচনা হয়। পরে অংশগ্রহণকারীরা নিজেরাও ধান কাটায় অংশ নেন।

মাঠ দিবসে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৮০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

১১৫ থেকে ১২০ দিনে ফলন, বিঘায় ২১-২২ মণ
নুর মোহাম্মদের পরীক্ষামূলক পর্যবেক্ষণ অনুযায়ী, নতুন জাতের ধানটির জীবনকাল ১১৫ থেকে ১২০ দিন। ৩৩ শতাংশের এক বিঘা জমিতে সম্ভাব্য ফলন ২১ থেকে ২২ মণ হতে পারে। ধানটিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম দেখা গেছে বলে দাবি তাঁর।

এবারের পরীক্ষামূলক চাষে তিনি কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেননি। এমনকি কৃত্রিম সেচও দিতে হয়নি। প্রাকৃতিকভাবে পাওয়া পানিতেই ধানটি উৎপাদন করেছেন বলে জানান তিনি।

তবে নতুন জাতটিকে এখনই পুরোপুরি উদ্ভাবিত কিংবা কৃষক পর্যায়ে চাষের জন্য প্রস্তুত বলতে চান না নুর মোহাম্মদ। আরও পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন কৃষকের জমিতে চাষের মাধ্যমে এর সক্ষমতা যাচাই করতে চান তিনি। তাঁর প্রত্যাশা, ধানটির সম্ভাবনা প্রমাণিত হলে বরেন্দ্র অঞ্চলে এর চাষ সম্প্রসারণ করা সম্ভব হবে।

ফলন কম হওয়ায় দেশি খরাসহিষ্ণু ধানে আগ্রহ হারান কৃষকরা
নুর মোহাম্মদ জানান, বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের বাস্তব সংকট থেকেই তাঁর গবেষণার শুরু। এ অঞ্চলে খরা মোকাবিলায় সক্ষম কিছু দেশি ধানের জাত থাকলেও সেগুলোর ফলন তুলনামূলক কম। এ কারণে কৃষকরা সেসব জাতের চাষে আগ্রহ হারাচ্ছেন।

এই সীমাবদ্ধতা কাটিয়ে খরাসহনশীলতার পাশাপাশি ভালো ফলন পাওয়া যায়—এমন ধানের জাত তৈরির লক্ষ্যেই দেশি ধানের বিভিন্ন জাতের মধ্যে সংকরায়ন শুরু করেন তিনি। টানা সাত বছরের চেষ্টা, পর্যবেক্ষণ ও গবেষণার পর নতুন জাতটি বর্তমান পর্যায়ে এসেছে।

এর আগে নুর-১ ও নুর-২ নামে আরও দুটি ধানের জাত উদ্ভাবন করেছেন বলে জানিয়েছেন তিনি।

কৃষক নেতৃত্বাধীন গবেষণাকে গুরুত্ব দেওয়ার আহ্বান
মাঠ দিবসের আলোচনায় তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডল বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামছে। এ পরিস্থিতিতে কম পানিতে উৎপাদন করা যায়, এমন ফসলের জাত উদ্ভাবন সময়ের দাবি।

তিনি মনে করেন, নুর মোহাম্মদের গবেষণা এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক কৃষিশিক্ষা ছাড়াই নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে নুর মোহাম্মদ ধানের নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করছেন। এটি কৃষক নেতৃত্বাধীন গবেষণা ও উদ্ভাবনের উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট দিন দিন বাড়ছে। এ বাস্তবতায় কৃষকের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত জাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষক নেতৃত্বাধীন গবেষণাকে কৃষি নীতিমালায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি কৃষক গবেষকদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

নতুন জাত নিয়ে আশাবাদী স্থানীয় কৃষকরা
তানোর উপজেলার তাতিয়াপাড়া গ্রামের কৃষক নির্মল চন্দ্র শুরু থেকেই নুর মোহাম্মদের গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর পর্যবেক্ষণে, ধানটি খরা সহ্য করতে সক্ষম। এবার তিনি পাঁচ কেজি বীজ সংগ্রহ করেছেন। আগামী মৌসুমে নিজের জমিতে ধানটির চাষ করতে চান। নতুন জাতটি সফল হলে খরাপ্রবণ এলাকার কৃষকরা উপকৃত হবেন বলে আশা তাঁর।

অন্যদিকে গোল্লাপাড়া হলদারপাড়া গ্রামের নারী কৃষক শ্রীমতী অসীমা রাণীও ধানটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, রাসায়নিক কীটনাশক ছাড়াই ধানটি চাষ করা গেলে তা কৃষকদের জন্য ইতিবাচক হবে। এতে সেচের পানির প্রয়োজন ও উৎপাদন খরচ কমতে পারে। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে, যার সুফল পাবেন কৃষক ও ভোক্তা উভয়েই।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!