কাঁচামালের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আর্থিক দুরবস্থায় সংকটে পড়েছে কুমিল্লার পাটশিল্প। জেলার ১১টি পাটকলের মধ্যে পাঁচটিই বন্ধ হয়ে গেছে। বাকি ছয়টি কারখানায় উৎপাদন চালু থাকলেও সেগুলো চলছে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দক্ষ শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতির অভাবের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পাটকলের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা পাটের অপ্রতুলতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সংকটই কারখানাগুলো বন্ধ হওয়ার প্রধান কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষ শ্রমিকের অভাব ও পুরোনো যন্ত্রপাতি। ফলে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও অনেক কারখানা কার্যক্রম চালিয়ে যেতে পারছে না।
পাঁচ কারখানায় উৎপাদন বন্ধ
জেলার বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কারখানার মধ্যে বুড়িচং উপজেলায় রয়েছে দুটি। ২০১০ সালে প্রতিষ্ঠিত মেসার্স ফুলহার জুট মিলস লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ২৬০ টন। একই উপজেলায় ২০১৯ সালে প্রতিষ্ঠিত মেসার্স এন এস ফুটওয়্যার লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৪০ হাজার জোড়া জুতা।
দেবিদ্বার উপজেলায় ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স উষা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ২ হাজার ১০০ টন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সক্ষমতা ১ হাজার ৫০ টন। এ ছাড়া দাউদকান্দিতে অবস্থিত মেসার্স এশিয়াটিক জুট মিলস লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৭০ টন। এসব কারখানায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।
সক্ষমতার তুলনায় কম উৎপাদন
বন্ধ কারখানাগুলোর বাইরে চালু থাকা ছয়টি প্রতিষ্ঠানের কয়েকটিতেও উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।
বুড়িচংয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মেসার্স ফুলহার ফুটওয়্যার লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৪৫ হাজার জোড়া জুতা। বর্তমানে প্রতিষ্ঠানটি উৎপাদন করছে ৩০ হাজার জোড়া।
দেবিদ্বারের মেসার্স সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মাসিক উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৬০০ টন হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৩ হাজার ৫০০ টন।
দাউদকান্দির ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ২ হাজার ১০০ টন পাটের সুতা এবং ৫৪০ টন পাটের কাপড়। বর্তমানে প্রতিষ্ঠানটি মাসে ১ হাজার ৫০ টন সুতা ও ৩৬০ টন পাটের কাপড় উৎপাদন করছে।
আদর্শ সদর উপজেলায় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মেসার্স লালমাই ফুটওয়্যার লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৫০ হাজার জোড়া জুতা। তবে বর্তমানে উৎপাদন হচ্ছে ২০ হাজার জোড়া।
অন্যদিকে বুড়িচংয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত মেসার্স জিহান ফুটওয়্যার লিমিটেড এবং ২০২৫ সালে প্রতিষ্ঠিত মেসার্স এ আর এস ফুটওয়্যার লিমিটেডের প্রতিটির মাসিক উৎপাদন সক্ষমতা ৫০ হাজার জোড়া জুতা। বর্তমানে কারখানা দুটি মাসে ৩০ হাজার জোড়া করে জুতা উৎপাদন করছে।
কাঁচামালের দাম ও উৎপাদন ব্যয়ে চাপ
মেসার্স জিহান ফুটওয়্যার লিমিটেডের মালিক মো. শাহাজাদা টিপু বলেন, বাজারে পাটজাত পণ্যের চাহিদা রয়েছে। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়ছে। এতে তৈরি পণ্যের দামও বাড়াতে হচ্ছে। ফলে ক্রেতাদের আগ্রহ কমছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
বন্ধ হয়ে যাওয়া মেসার্স আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক কৃষ্ণ জানান, আর্থিক সংকট ও কাঁচা পাটের অপ্রতুলতার কারণে তাঁদের কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
পাট অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, তাঁর দপ্তরের আওতায় কুমিল্লায় ১১টি এবং চাঁদপুরে তিনটি পাটকল রয়েছে। চাঁদপুরের সব কারখানাই বন্ধ। আর কুমিল্লার ১১টি কারখানার মধ্যে পাঁচটি বন্ধ রয়েছে।
তিনি বলেন, অধিকাংশ কারখানা আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। কুমিল্লার পাটকলগুলোর সার্বিক পরিস্থিতি ও সমস্যার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
সহজ শর্তে ঋণ ও নীতিসহায়তার দাবি
কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজম খান নোমান বলেন, পাটশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া জরুরি। এ জন্য প্রতিটি কারখানা বন্ধ হওয়ার প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং নীতিগত সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি মনে করেন, এসব উদ্যোগ নেওয়া হলে পাটজাত পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি





-20261119145050.jpg)














