দিনাজপুরের বিরল উপজেলার প্রত্যন্ত গ্রাম চৌপুকুরিয়ায় নিজের বাড়ির উঠানেই গড়ে উঠেছে এক ব্যতিক্রমী পাঠশালা। সেখানে সারি বেঁধে বসে পড়াশোনা করে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা। তাদের হাতে বই-খাতা তুলে দেন, পাঠদান করেন এবং কখনও খাবারের ব্যবস্থাও করেন একজন আনসার সদস্য। নিজের চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় শিশুদের কাছে তাঁর পরিচয় ‘কমল দাদা’। তিনি কমল চন্দ্র সরকার।
দিনাজপুরের বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার। নিজের বেতনের একটি অংশ ব্যয় করে সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করছেন তিনি। এ কাজে তাঁর পাশে রয়েছেন স্ত্রী লতা রানী সরকার। দুজন মিলে ২০২৩ সালে নিজেদের বাড়ির উঠানে প্রতিষ্ঠা করেন ‘কমল দাদার পাঠশালা’।
৩৫ শিশুর জন্য বিনা মূল্যে পাঠশালা
শুরুর দিকে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল পাঠশালাটির। সময়ের সঙ্গে বেড়েছে শিশুদের আগ্রহ ও অংশগ্রহণ। বর্তমানে সেখানে ৩৫ জনের বেশি শিশু বিনা মূল্যে পড়াশোনা করছে। কমল চন্দ্রের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীর সংখ্যা এখন ৪০ জনে পৌঁছেছে।
দিনের বেলায় বিদ্যালয়ের পাঠ শেষ করে প্রতিদিন বিকেলে বই-খাতা হাতে পাঠশালায় হাজির হয় শিশুরা। সেখানে পড়াশোনার পাশাপাশি তাদের দেওয়া হয় বই, খাতা, কলম, স্কুলব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। কখনও কখনও শিশুদের জন্য নাশতা ও খাবারের ব্যবস্থাও করেন কমল দম্পতি।
পাঠশালার এসব আয়োজনের ব্যয়ের বড় অংশই আসে কমল চন্দ্রের নিজের বেতন থেকে। সীমিত সামর্থ্যের মধ্যেও তাঁর চেষ্টা, অর্থের অভাবে প্রত্যন্ত এলাকার কোনো শিশুর শিক্ষাজীবন যেন থেমে না যায়।
শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ
কমল চন্দ্র জানান, তাঁদের বাড়ির আশপাশে প্রায় ৩০টি পরিবারের শিশুরা আগে ধুলোবালিতে খেলাধুলা করেই সময় কাটাত। অনেকেই নিয়মিত স্কুলে যেত না। বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। শিশুদের এভাবে বেড়ে উঠতে দেখেই তাদের জন্য বিনা মূল্যে পাঠশালা চালুর সিদ্ধান্ত নেন তিনি।
প্রথমদিকে শিশুরা পাঠশালায় আসতে খুব একটা আগ্রহ দেখাত না। পরে তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন কমল দম্পতি। নিজের অর্থে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিতে শুরু করেন। ধীরে ধীরে শিশুদের আগ্রহ বাড়তে থাকে। এখন নিয়মিত পড়াশোনায় অংশ নিচ্ছে তারা।
কমল চন্দ্রের প্রত্যাশা, এই শিশুরাই একদিন দেশ ও জাতির ভবিষ্যৎ আলোকিত করবে। তাই তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান তিনি।
শিশুদের কাছে প্রিয় ‘কমল দাদা’
পাঠশালায় পড়তে আসা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মওনো রায় জানায়, বিদ্যালয় ছুটির পর সে কমল দাদার পাঠশালায় পড়তে আসে। এখানে অনেক শিশু একসঙ্গে পড়াশোনা করে। তার বই পড়তে খুব ভালো লাগে। এক শিক্ষার্থীর অভিভাবক লক্ষ্মী মুরমু বলেন, বিদ্যালয় থেকে ফেরার পর শিশুরা এখানে রাত পর্যন্ত পড়াশোনা করে।
পাঠশালা থেকে তাদের স্কুলব্যাগ, নাশতা, খাতা ও কলম দেওয়া হয়। এতে শিশুদের অনেক উপকার হচ্ছে। প্রতিবেশী নিপ্পন চন্দ্র বলেন, পাঠশালায় আসা শিশুরা সবাই অসহায় পরিবারের সন্তান। কমল চন্দ্র নিজের চাকরির দায়িত্ব শেষ করে এখানে এসে তাদের সময় দেন। শিশুরা এখানে এসে অনেক কিছু শিখছে। গ্রামবাসী হিসেবেও তাঁদের ভালো লাগে।
মানবিক উদ্যোগে রাষ্ট্রীয় স্বীকৃতি
শিশুদের জন্য কমল চন্দ্রের এই উদ্যোগ শুধু স্থানীয় মানুষের প্রশংসাই কুড়ায়নি, পেয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতিও। মানবিক ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ২০ মে ৪৬তম আনসার দিবসে তাঁকে দেওয়া হয় রাষ্ট্রপতি পদক।
নিজের পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সময় ও অর্থ ব্যয় করছেন কমল চন্দ্র সরকার। তাঁর বাড়ির উঠানের ছোট্ট পাঠশালাটি এখন শুধু পড়াশোনার জায়গা নয়, বরং প্রত্যন্ত গ্রামের শিশুদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার এক আশ্রয়।
কালের আলো/এসকে/এমএসআইপি
